বিচারক নিয়োগ এবং সুপ্রিমকোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত দেশের জন্য ভালো ফল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন বিচার বিভাগ পৃথককরণ মামলার বাদী মাসদার হোসেন। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।
২৮ জন বিচারককে আইন মন্ত্রণালয়ের শোকজ করার তীব্র সমালোচনা করে মাসদার হোসেন বলেন, যেখানে বিচারকদের একটি আলপিনের প্রয়োজনেই সুপ্রিমকোর্টের কাছে যেতে হয়, সেখানে আইনমন্ত্রী কোন কর্তৃত্বে তাদের ব্যাখ্যা চেয়ে চিঠি দেন তা নিয়ে প্রশ্ন ওঠে। সতর্ক করে তিনি বলেন, জুলাই আন্দোলনকারীদের রক্তের ওপর এই মসনদ প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের ত্যাগের সঙ্গে বেইমানি করা উচিত হবে না। গুটিকয়েক মানুষের চিন্তায় রাষ্ট্র পরিচালিত হলে তার ফল শুভ হবে না এবং জনগণই একদিন বিপথগামী শক্তিকে সঠিক পথে ফিরিয়ে আনবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। হিউম্যানিটি ফাউন্ডেশন ও ‘আইন ও বিচার’ পত্রিকার উদ্যোগে আয়োজিত আলোচনায় আরও বক্তৃতা করেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল মতিন, জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, ব্যারিস্টার ওমর ফারুক, আইনজীবী হাসান তারিক চৌধুরী, সাবেক যুগ্ম জজ ড. মো. সাজ্জাদ হোসেন এবং জুলাই আন্দোলনের নেতা আরিফ সোহেল প্রমুখ।