বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে এসে হাইকোর্টের ‘অস্বাভাবিক’ জামিন দেওয়া নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেছেন, ভবিষ্যতে যিনি প্রধান বিচারপতি হবেন, তাঁর সঙ্গে প্রথম বৈঠকেই তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দলের অনুসারীদের জামিন নিয়ে কথা বলবেন।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে যাওয়ার পথে তিনি সাংবাদিকদের একথা বলেন।বিচার বিভাগীয় সংস্কারে প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদ অভিভাবকের ভূমিকা পালন করেছেন উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘আমরা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে যেই আইনগুলাই করেছি সবকিছুর পেছনে উনার সমর্থন ছিল।আইন উপদেষ্টা বলেন, ‘এখন প্রচুর আলোচনা হচ্ছে। যেমন ধরেন- হাইকোর্টের কোনো কোনো বেঞ্চ অস্বাভাবিক জামিন দিয়ে দিচ্ছে। এটা নিয়ে আমি আমার কনসার্নের (উদ্বেগের) কথা প্রধান বিচারপতিকে এর আগেও দেখা করে জানিয়েছিলাম। আজকেও জানিয়েছি।তিনি বলেন, ‘আমি আপনাদের প্রকাশ্যে বলে গেলাম এর আগে যতবার দেখা হয়েছে, প্রধান বিচারপতিকে বলেছি। উনি কিছু ব্যবস্থা নিয়েছিলেন। যে বেঞ্চগুলো থেকে চার ঘণ্টায় আটশ জামিন দেওয়া হয়েছিল। তিনি তাদেরকে (বিচারপতিদের) ডেকেও পাঠিয়েছিলেন।উনি উনার মতো ব্যবস্থা নিয়েছেন। তারপর এই জামিনের প্রকোপ কিছুটা কমেছে। কিন্তু তা এখন অব্যাহত আছে।’আসিফ নজরুল বলেন, ‘একজন ভয়ঙ্কর ব্যক্তি যিনি জামিন পেয়ে জুলাই গণঅভ্যুত্থানের যারা নায়ক আছে, তাদের ওপর হামলা করতে পারেন। এই ধরনের জামিন যখন হয়, তখন আমরা প্রচণ্ড শঙ্কিত-আতঙ্কিত এবং উদ্বিগ্ন বোধ করি।
কিন্তু আইন মন্ত্রণালয়ের হাইকোর্টের উপর কোনো রকম কোনো নিয়ন্ত্রণ নাই। নিয়ন্ত্রণ থাকার কথাও না। হাইকোর্টের অভিভাবক হচ্ছেন প্রধান বিচারপতি। উনার কাছে আগেও এ ব্যাপার উৎকণ্ঠা জানিয়েছিলাম। আজকে আবারও জানিয়েছি। আশা করি ভবিষ্যতে নতুন যে প্রধান বিচারপতি আসবে উনার সাথে আমার প্রথম যখন মিটিং হবে, সেখানে আমি উনাকে বলব যে, আজকে যে ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা একের পর এক আমাদের জুলাই গণঅভ্যুত্থানকারীদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছে এবং তার দলের অনুসারীরা যদি জামিন পায় এটা জামিনের কোন নিয়মনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ না। কারণ আমাকে খুন করতে পারে এমন একজনকে যদি কোন বিচারক জামিন দেয়, তখন এই খুনের দায় দায়িত্ব উনার (জামিন দেওয়া বিচারকের) ওপর পড়ে কিনা , সেটা ওনাদেরকে বিবেচনা করা উচিত।’আদালতের জামিন এখতিয়ার নিয়ে এভাবে কথার বলার জন্য সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করে আইন উপদেষ্টা বলেন, ‘আমি আজকে সরি- আমি এভাবে বলছি। এটা এভাবে বলা ছাড়া উপায় নাই। কারণ পরিস্থিতি এমন একটা দিকে গিয়েছে যে, আমাদের সন্তানদের রক্ষা করার জন্য আমাদের যেকোনো এক্সটেন্টে (পরিসরে) যাকে যা বলার এটা বলতে হবে।’
আসিফ নজরুল আরো বলেন, ‘আমি আপনাদের কথা দিচ্ছি আমাদের যে নতুন বিচার প্রধান বিচারপতি থাকবেন, ওনার সাথে প্রথম মিটিংয়ে আমি এই ব্যাপারে বলব। যে সমস্ত ক্ষেত্রে আইনগতভাবে জামিন প্রাপ্য, সেটা জামিন দেবে। বিচারকরা অবশ্যই দেবে। কিন্তু যেই অপরাধী বা যেই ব্যক্তি জামিনে মুক্তি পেয়ে আপনাকে, আমাকে খুন করতে পারে বলে আশঙ্কা করার যথেষ্ট কারণ রয়েছে, সে জামিন পেতে পারে না। আমরা এই ব্যাপারে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছি।’
সৈয়দ রেফাত আহমেদকে দেশের ইতিহাসে সবচেয়ে সৎ, যোগ্যতাসম্পন্ন প্রধান বিচারপতি উল্লেখ করেন আইন উপদেষ্টা।
এ ক্যাটাগরির আরো নিউজ..