ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পশ্চিম তীর দখল করতে দেবেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। এ মন্তব্য করে বড়সড় এক বোমা ফাটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
আজ শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বক্তব্য দেবেন নেতানিয়াহু।নেতানিয়াহুর ওই বক্তব্যের আগে সংবাদমাধ্যমের সামনে আসেন ট্রাম্প। সেখানে তিনি মন্তব্য করেন, নেতানিয়াহুকে পশ্চিম তীরের দখল নেওয়ার অনুমতি দেবেন না তিনি। আগামী সোমবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প।সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখলে নিতে দেব না…এ রকম কিছুই হবে না।’ ট্রাম্প বলেন, ‘আমরা গাজা বিষয়ে একটি চুক্তির খুব কাছাকাছি।’ এ বিষয়ে ইতিমধ্যে নেতানিয়াহু ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, ‘অনেক হয়েছে। এখন থেমে যাওয়ার সময় এসেছে।টাইমস অব ইসরায়েলকে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা জানান, এ সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প প্রশাসন আলাদা করে ইসরায়েলকে পশ্চিম তীর দখলের নেতিবাচক পরিণাম নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন।কর্মকর্তা জানান, ইসরায়েলি প্রশাসন ওই হুঁশিয়ারিকে খুব একটা গুরুত্ব দেয়নি। সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন।গাজা যুদ্ধ বন্ধে বৈশ্বিক চাপের মুখে রয়েছে ইসরায়েল। সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।অন্যদিকে নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের অতিজাতীয়তাবাদীরা বারবার পশ্চিম তীরকে ইসরায়েলসঙ্গে যুক্ত করার দাবি জানাচ্ছে।ব্রিটেন ও জার্মানি জানিয়েছে, পশ্চিম তীর দখল বিষয়ে তারা ইসরায়েলকে সতর্ক করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েল কার্যক্রম নৈতিক, আদর্শগত ও রাজনৈতিকভাবে অসহনীয়।এদিন ভিডিও লিংকে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনিদের জন্য শান্তিচুক্তি বাস্তবায়নে তিনি বিশ্বনেতাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ায় ৮৯ বছর বয়সী আব্বাস নিউ ইয়র্ক ভ্রমণ করতে পারেননি। তিনি আরো স্পষ্ট করে বলেন, ভবিষ্যৎ শাসনব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না। ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর গাজা উপত্যকার পূর্ণ দায়িত্ব নেবে ফিলিস্তিন রাষ্ট্র।






