সংগীত পরিচালক এ আর রহমান আগে অল্প সময়ের জন্য চলচ্চিত্রে অভিনয় করলেও এবার তিনি প্রথমবার একটি পূর্ণাঙ্গ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। প্রভুদেবা অভিনীত আসন্ন কমেডি ছবি ‘মুনওয়াক’-এ অভিনয় করবেন তিনি। মজার বিষয় হলো, ছবিতে তিনি নিজের নামেই একজন চলচ্চিত্র পরিচালকের চরিত্রে অভিনয় করছেন।
ছবির পরিচালক মনোজ নির্মলা শ্রীধরন জানান, তিনি যখন এই চরিত্রের প্রস্তাব দেন, তখন এ আর রহমান নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুত ছিলেন।পরিচালক বলেন, ছবিটি কমেডি হবে জানার পরই রহমান এতে কাজ করতে রাজি হন। ব্যস্ত সময়সূচির মধ্যেও তিনি ছবিটির জন্য সময় বের করেছেন।পরিচালক আরো জানান, অনেক বছর পর প্রভুদেবা ও এ আর রহমান আবার একসঙ্গে কাজ করছেন, যা দুজনের কাছেই আনন্দের। এই বিষয়টিই রহমানকে ছবির প্রতি আরো আগ্রহী করেছে।
সেটের অভিজ্ঞতা প্রসঙ্গে মনোজ বলেন, এ আর রহমানের অভিনয় ছিল খুব স্বাভাবিক। প্রভুদেবা নিজেও রহমানের অভিনয় দেখে হাসছিলেন। পুরো ইউনিটই তাকে অভিনয় করতে দেখে খুশি ছিল। পরিচালক মনে করেন, রহমানের সেই স্বাচ্ছন্দ্য ও আনন্দ ছবির পর্দায়ও ফুটে উঠবে।
এ ক্যাটাগরির আরো নিউজ..