কেরালায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে হেলিকপ্টারে ছিলেন, সেটি অবতরণের পরই দুর্ঘটনার কবলে পড়ে। আজ বুধবার কেরালা রাজ্যের প্রামাদম স্টেডিয়ামে অবতরণের পর হেলিপ্যাডের একটি অংশ দেবে যায়। তবে এর আগেই রাষ্ট্রপতি নিরাপদে হেলিকপ্টার থেকে নামেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চার দিনের কেরালা সফরে এসেছেন এবং শবরীমালা মন্দিরে যাওয়ার কথা ছিল।সকাল ৯টা ৫ মিনিটে তিনি নিরাপদে হেলিপ্যাডে অবতরণ করেন। কিন্তু আজ এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়েন মুর্মু। এ ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস বিভাগের কর্মীরা দ্রুত ব্যবস্থা নেন। তারা নিরাপত্তা নিশ্চিত করতে সরঞ্জাম ছাড়াই হেলিকপ্টারটিকে ধাক্কা দিয়ে হেলিপ্যাডের দেবে যাওয়া অংশ থেকে সরিয়ে নেন।কেরালার মুখ্যমন্ত্রী বিজয়ন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ‘তার (মুর্মু) উপস্থিতি রাজ্য ও আমাদের জনগণের জন্য একটি মহাসম্মানের বিষয়।’ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রাষ্ট্রপতি মুর্মুর দাপ্তরিক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ‘কেরালার গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার, মুখ্যমন্ত্রী পিনারায়ী বিজয়ন এবং সংখ্যালঘু ও মৎস্য, প্রাণিজ সম্পদ ও দুগ্ধজাত পণ্যবিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তিরুবনন্তপুরমে স্বাগত জানান।’ ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, রাষ্ট্রপতির হেলিকপ্টার পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে প্রমাদম ইন্ডোর স্টেডিয়ামে হেলিপ্যাডটি নির্মিত হয়। হেলিপ্যাড নিলাক্কলে নামানোর পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে বৈরী আবহাওয়ার কারণে সিদ্ধান্ত বদলানো হয়।পুলিশ ও দমকলকর্মীরা হেলিকপ্টারটি নিরাপদ স্থানে সরিয়ে নিরাপত্তা নিশ্চিত করেছেন।







