নিজস্ব প্রতিবেদক, গাজীপুর গাজীপুরে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেছে সামাজিক সংগঠন ‘নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা’। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহানগরীর গাছা থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন সংস্থার কার্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। তিনি বলেন, “রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের সবাইকে মানবতার কল্যাণে কাজ করতে হবে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে এই সংগঠনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
বিশেষ অতিথির বক্তব্যে সংস্থার উপদেষ্টা ও ‘দৈনিক আমার প্রাণের বাংলাদেশ’ পত্রিকার সম্পাদক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, তীব্র শীতে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর শহর সমাজসেবা অফিসার যোবায়ের আলম। তিনি সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সামাজিক সংগঠনগুলোকে দারিদ্র্য বিমোচনে এগিয়ে আসার আহ্বান জানান।
সংগঠনের সভাপতি প্রদীপ দেবনাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আনিসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, কোষাধ্যক্ষ শওকত আলী ফকির, শাহীন শিকদার, সোহরাব হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে কয়েক শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল ও আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।