পাবনায় জমি লিখে না দেওয়ায় বাবা-মা ও ভাইকে নির্মমভাবে মারধরের অভিযোগে শিমুল শেখকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পাবনার ভাঁড়ারা ইউনিয়নের শ্রীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বাবা মা ও ভাইকে মারধরের ঘটনায় সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।জানা যায়, বাবা নাছির ভাগ্য পরিবর্তনের আশায় কয়েক বছর আগে তিন বিঘা জমি বিক্রি করে ভাঁড়ারা ইউনিয়নের নলদহ নতুনপাড়ার শিমুলকে বিদেশ পাঠান। কিন্তু টাকা নষ্ট করে দেশে ফিরে মাদক ও জুয়ার অন্ধকার জগতে জড়িয়ে পড়েন শিমুল। এরপর প্রতিনিয়ত বাবা-মা-ভাই-বোনের কাছে টাকা দাবি করতে থাকেন। না দিলে বাবা-মাকে মারপিট পরিণত হয় নিত্য দিনের ঘটনায়।সম্প্রতি টাকা ও জমিজমা তার নামে লিখে দিতে বলেন তিনি। নাছির শেখ সেটি না দেওয়ায় গত ১৪ সেপ্টেম্বর রড, হাতুড়ি ও চাপাতি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে বাবা-মাকে নির্মম নির্যাতন করেন। এরপর রক্তাক্ত অবস্থায় বাড়ি থেকে বের করে ফেলে দেন রাস্তায়। হত্যার হুমকি দেওয়ায় এখন আত্মীয় স্বজনের বাড়িতে পলাতক জীবন কাটছে হতভাগা বাবা-মায়ের।এদিকে, প্রবাসী ছোট ছেলে রিপন এসব ঘটনার প্রতিবাদ জানালে পরদিন ১৫ সেপ্টেম্বর বিকেলে সহযোগী জামাল শেখ, আরিফ শেখ, শিউলি বেগম ও আজিম শেখকে সঙ্গে নিয়ে রিপনকেও লোহার রড, হাতুরি, জিআই পাইপ ও চাপাতি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন শিমুল। এ ঘটনার পর সহযোগী একজনকে গ্রেপ্তার করলেও মুলহোতা শিমুল ও অন্য সহযোগীরা ছিলেন ধরাছোঁয়ার বাইরে। সম্প্রতি এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে নড়েচড়ে বসে প্রশাসন। পরে শিমুলকে গ্রেপ্তার করে র্যাব।পাবনা র্যাবের কম্পানি কমান্ডার মো. এনামুল হক বলেন, ‘জমি লিখে না দেওয়ায় মারধরে বাবা-মায়ের হাত ভেঙে যায়।মারধরের শিকার ছোটভাইও মৃত্যুপথযাত্রী। এ ঘটনায় বাবা-মা প্রাণ ভয়ে দীর্ঘদিন বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি নজরে আসার পর থেকেই আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রাখি। পলাতক থাকাবস্থায় আজ সোমবার তার পাশের গ্রাম শ্রীপুরের একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’
এ ক্যাটাগরির আরো নিউজ..