খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল রাজ্জাক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।গত ২৩ জানুয়ারি শশুরবাড়ি যাওয়ার পথে রূপসা ব্রিজ সংলগ্ন জাবুসা চৌরাস্তা এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।
জানা যায়, মোটরসাইকেলযোগে শ্যালককে সঙ্গে নিয়ে শশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলে ঘটনাস্থলে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় আব্দুল রাজ্জাকসহ মোটরসাইকেলে থাকা অপর আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক)-এ ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আব্দুল রাজ্জাকের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসক সূত্রে জানা গেছে, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় স্বেচ্ছাসেবক দল ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। দুর্ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তদন্ত করছে বলে জানা গেছে।