রাজধানীর দক্ষিণখান থানার বটতলা মোল্লার টেকে বুধবার বিকেল ৫টায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিলউদ্দিন আহমেদ।
তিনি বলেন, “আমি আপনাদের সন্তান, দক্ষিণখান থানার সন্তান। যদি আপনারা পাশে থাকেন ও দোয়া করেন তবে আমি বিশ্বাস করি—আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দেবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সঙ্গে নিয়ে জাতীয় সংসদে যেতে চাই।”তিনি আরও প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে এলাকার প্রধান সমস্যা রাস্তা-ঘাট উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা সংস্কার, কিশোরগ্যাং দমন এবং মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রসঙ্গ টেনে কফিলউদ্দিন আহমেদ বলেন, “খাদ্য, বাসস্থান, বস্ত্র ও চিকিৎসা—মানুষের সব মৌলিক চাহিদার সমাধানই রয়েছে এই কর্মসূচিতে।”বৈঠকে দক্ষিণখান থানার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।