বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৩ তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য ১৮ কোটি মানুষ মুখিয়ে আছে। যারা এখনই জাতির সঙ্গে ফ্যাসিবাদের আচরণ করছে, তাদের দিয়ে কি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়া যাবে? যাবে না। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার সাহস যাদের আছে তাদের বেছে নিতে হবে। এই সাহস আল্লাহর মেহেরবানিতে জামায়াতে ইসলামীর আছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় লাকসাম স্টেডিয়ামে লাকসাম উপজেলা জামায়াত আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, দফায় দফায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগে সাজানো সাক্ষী, পাতানো আদালত দিয়ে হত্যা করা হয়েছে। জামায়াত কারো কাছে মাথা নত করেনি। কারো দয়া অনুকম্পা কামনা করেনি।হাজার হাজার কর্মী, সহকর্মীকে হারিয়েছে, মাথা নত করেনি। কোনো চোখ-রাঙানিকে পরোয়া করেনি। দেশ ছেড়েও পালায়নি। ছিলাম, আলহামদুলিল্লাহ আছি, ইনশাআল্লাহ থাকব।
তিনি আরো বলেন, এ দেশ আমাদের ঠিকানা। আমাদের কোনো মামা-খালুর দেশ নেই, বেগমপাড়া নেই। আমাদের পাড়া একটাই, এটি আমার গর্বের বাংলাদেশ। শুধু কী তাই, হাঁচি-কাশি হলেই ওই নেতারা দেশ ছেড়ে অন্য দেশে চলে যায়, চিকিৎসার জন্য। দেশের প্রতি কোনো আস্থা নেই।
অথচ তারাই কেউ না কেউ বাংলাদেশ শাসন করেছেন। তো সেই জায়গাটা গড়লেন না কেন? বিএনপির ফ্যামিলি কার্ডের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ঘরে ঘরে কার্ড বিতরণ হচ্ছে, নাম তার ফ্যামিলি কার্ড, তাই না? কোনো জায়গায় তার মূল্য ২ হাজার, কোনো জায়গায় ৭ হাজার, কোনো জায়গায় ২০ হাজার। আবার কোনো জায়গায় বলা হচ্ছে আমরা ৫০ লাখ দেব, আবার কোনো জায়গায় বলা হচ্ছে আমরা ৫০ কোটি দেব।তিনি আরো বলেন, এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে মায়ের হাতে, বাবার হাতে না কি চমৎকার? এক হাতে ফ্যামিলি কার্ড আরেক হাতে মায়ের গায়ে হাত। আহ, বাংলাদেশের মানুষকে এত বোকা মনে করছেন? সবাই নিজের বুঝটা ভালো করেই বুঝে। আমরা এই অনিরাপদ বাংলাদেশ আর দেখতে চাই না। একটা নিরাপত্তার বাংলাদেশ চাই।
এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াতের প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ড. ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দীন ছিদ্দিকী, কুমিল্লা-১০ আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত, লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামীর আমির জয়নাল আবেদীন পাটোয়ারীসহ জামায়াত ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাদের উপস্থিত ছিলেন।
এ ক্যাটাগরির আরো নিউজ..