আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে নিউইয়র্কে শুরু হয়েছে আলোকচিত্রী মুহাম্মদ মোস্তাফিজুর রহমানের তৃতীয় একক আলোকচিত্র প্রদর্শনী। সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে অলাভজনক সংগঠন সেভ দ্য পিপল। সহযোগিতায় রয়েছে ইউনাইটেড ন্যাশন অ্যাসোসিয়েশন অব ইউএসএ–কুইন্স চ্যাপ্টার, পিস সেন্টার অব ইউএসএ এবং ইন্টারফেইথ সেন্টার অব ইউএসএ।
গত শনিবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে জ্যামাইকার হিলসাইড এভিনিউতে পিস সেন্টারের সেভ দ্য পিপল অডিটোরিয়ামে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যামাইকা মুসলিম সেন্টারের জেনারেল সেক্রেটারি আফতাব উদ্দীন মান্নান, এনওয়াইসি কমিউনিটি বোর্ড মেম্বার ও বাংলাদেশ জ্যামাইকা ফ্রেন্ড সোসাইটির প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার, সেভ দ্য পিপলের সিইও ড. মুহাম্মদ শহীদুল্লাহ, আলোকচিত্র সাংবাদিক জয় মণ্ডল, সানাউল হক, খোরশেদ আলম এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ঢাকা থেকেও কয়েকজন আলোকচিত্র সাংবাদিক অনুষ্ঠানে যোগ দেনপ্রদর্শনীতে স্থান পেয়েছে বাংলাদেশের জীবনধারা, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা ৪০টি আলোকচিত্র। প্রতিটি ছবি শান্তি, সৌহার্দ্য, দৃঢ়তা এবং আশার একেকটি গল্প বলছে।আলোকচিত্রী মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই ৪০টি ছবির মাধ্যমে আমি বাংলাদেশের মানুষের জীবন, সংস্কৃতি ও প্রাকৃতিক দৃশ্যপটে লুকিয়ে থাকা শান্তির আবহ তুলে ধরার চেষ্টা করেছি। প্রতিটি ছবিই একেকটি ছোট গল্প।’তিনি আরো বলেন, ‘শান্তি শুধু সংঘাতের অনুপস্থিতিই নয়, বরং এটি ন্যায়বিচার, মর্যাদা ও মানবিক সহমর্মিতার উপস্থিতি। আন্তর্জাতিক শান্তি দিবসে আমার ছবিগুলো এই বার্তাই বহন করে।প্রদর্শনীটি চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আলোকচিত্র অনুরাগীরা উপস্থিত থাকবেন।আয়োজকদের আশা, এই প্রদর্শনীর মাধ্যমে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি ও আন্তর্জাতিক দর্শনার্থীরা বাংলাদেশের শান্তিপূর্ণ ভাবমূর্তি সম্পর্কে একটি নতুন ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি লাভ করবেন।







