নেত্রকোনার সদর উপজেলায় ন্যায্যমূল্যে পণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে আগাম টাকা আদায়ের অভিযোগে ৫ প্রতারককে আটক করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার রৌহা ইউনিয়নের বালিজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন চল্লিশা ইউনিয়নের ঝাউশি এলাকার মোশারফ হোসেন (৩০), স্বপ্না (৪০), নাইম (২৫), মীম (২০) এবং পারলা এলাকার জুয়েল মিয়া (২৫)। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একই এলাকার রুনা (২৫) পালিয়ে যান।স্থানীয় সূত্রে জানা গেছে, ‘আশক ফাউন্ডেশন’ নামে কথিত একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পরিচয়ে একটি চক্র কয়েক দিন ধরে বিভিন্ন গ্রামে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। তারা ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ ও বেসরকারি চিকিৎসাসেবায় ছাড় দেওয়ার কথা বলে প্রতি কার্ডের জন্য ১২০ টাকা করে আদায় করছিল।







