মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে এবার শাহবাগ ব্লকেড করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা।দুপুর ২টার কিছু আগে শাহবাগে জাতীয় গ্রন্থাগারের আগেই ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় ব্যারিকেডের সামনেই অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষকরা।পরে শিক্ষকরা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন।এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। শাহবাগ মোড়ে এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।এর আগে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি বলেন, শিক্ষকদের আন্দোলন সফলতার দিকে যাচ্ছে।মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়াসহ তিন দফা দাবি থেকে একচুলও নড়ব না। চিকিৎসা ভাতা ১ হাজার ৪৯৯ টাকা হলেও হবে না। আর কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশই দিতে হবে।মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন।