তিনি বলেছেন, ‘কোনোভাবেই যেন ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত ব্যাংকিং খাতে প্রভাব না ফেলে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সঠিক গভর্ন্যান্সের অভাবেই এ খাত ধ্বংসের মুখে পড়েছে। ব্যাংকিং খাতে সংস্কারের বহু দিক রয়েছে এবং সব ক্ষেত্রেই সংস্কার জরুরি।গতকাল বুধবার (২১ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘ব্যাংকিং খাত: বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক লোকবক্তৃতায় প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন। বাংলাদেশ অর্থনীতি সমিতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ যৌথভাবে এর আয়োজন করে।
গভর্নর বলেন, আর্থিক দুর্বলতা এবং ব্যবস্থাপনার অভাব জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলছে। ব্যাংকিং খাতের বর্তমান সংকট কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদি কাঠামোগত সংস্কার প্রয়োজন। টেকসই উন্নতির জন্য আর্থিক খাতের পুরো কাঠামো পুনর্গঠন অপরিহার্য। এ ছাড়া ব্যাংকিং ব্যবস্থায় দীর্ঘমেয়াদি ঋণ কার্যকরভাবে বাস্তবায়নের অভাবকেও তিনি সমস্যা হিসেবে চিহ্নিত করেন।
তিনি বলেন, রাজনৈতিক প্রভাব এবং অনুকূল সরকারি নির্দেশনায় ব্যাংকিং ব্যবস্থাপনা দুর্বল হয়েছে। ব্যক্তি নয় বরং প্রাতিষ্ঠানিক মালিকানার অধীনে ব্যাংক পরিচালনার আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডেল অনুসরণ করা উচিত। ক্যাশলেস ব্যবস্থা চালু করা গেলে বছরে দেড় থেকে দুই লাখ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব।
উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, একটি প্রায় ধ্বংসপ্রাপ্ত খাতকে এগিয়ে নিতে বর্তমান গভর্নরের ভূমিকা গুরুত্বপূর্ণ। ব্যাংকিং খাত কতটা নাজুক অবস্থায় রয়েছে, তা এখন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এই খাত পুনরুদ্ধারের চেষ্টা চলছে এবং ইতিবাচক উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শরিফ মোশারফ হোসেন বলেন, দেশের ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি সবারই জানা। ঋণ-খেলাপির হার বেড়ে যাওয়ায় ব্যাংকের ঋণ বিতরণ কমে গেছে, ফলে বিনিয়োগও বাধাগ্রস্ত হচ্ছে। ভবিষ্যতে ব্যাংকিং খাতকে আরও কঠোর মনিটরিংয়ের আওতায় আনা প্রয়োজন।