ভারতকে হারানোর এক দিন পর বাংলাদেশ ফুটবল আবারও ভালো খবর পেল। বুধবার সন্ধ্যায় প্রকাশিত ফিফার নতুন র্যাঙ্কিংয়ে বাংলাদেশ তিন ধাপ উপরে উঠে এসেছে। এখন তাদের অবস্থান ১৮০। এটি গত নয় বছরে বাংলাদেশের সেরা র্যাঙ্কিং। এর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে তারা ছিল ১৭৭তম স্থানে।
অনেক দিন ধরে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে নিচের দিকে যাচ্ছিল। ২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের মে পর্যন্ত তো তারা নেমে গিয়েছিল ১৯৭ নম্বরেও। এটি ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিম্ন অবস্থান।
মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১–০ গোলে হারায় বাংলাদেশ। প্রথমার্ধে শেখ মোরসালিনের গোলেই এই জয় আসে। প্রতিবেশী প্রতিপক্ষের বিপক্ষে ২২ বছর পর জয় পায় বাংলাদেশ।
ভারত ম্যাচের আগে বাংলাদেশের চেয়ে ৪৭ ধাপ উপরে ছিল। জয়ের ফলে বাংলাদেশ পেয়েছে ১৭.১৩ র্যাঙ্কিং পয়েন্ট। তাদের পয়েন্ট ৮৯৪.০৬ থেকে বেড়ে হয়েছে ৯১১.১৯।
ভারত একই সংখ্যক পয়েন্ট হারিয়েছে। তারা ছয় ধাপ নিচে নেমে ১৩৬তম থেকে এখন ১৪২তম স্থানে।
ফিফার র্যাঙ্কিংয়ের প্রথম চার দলের মধ্যে কোনো পরিবর্তন নেই। স্পেন প্রথম, আর্জেন্টিনা দ্বিতীয়, ফ্রান্স তৃতীয় এবং ইংল্যান্ড চতুর্থ। পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল দু’ধাপ উপরে উঠে এখন পঞ্চম স্থানে।