মালয়েশিয়া সরকারের সঙ্গে দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট পাস ভিসা’ বিষয়ক কোনো চুক্তি হয়নি। এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী ড. জাম্ব্রি আবদ কাদির।
তিনি কেদাহ রাজ্যের এক্সকো সদস্যের ‘গ্র্যাজুয়েট পাস ভিসা’ চুক্তির দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ফেডারেল সরকার ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে মালয়েশিয়ায় কাজ করার অনুমতি দেয়নি।এক বিবৃতিতে ড. জাম্ব্রি বলেন, কেদাহ রাজ্যের শিল্প ও বিনিয়োগ, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন কমিটির চেয়ারম্যান ড. হাইম হিলমান আবদুল্লাহকে এ ধরনের দাবি করার ক্ষেত্রে আরো সতর্ক হওয়া উচিত।ড. হাইম হিলমান অভিযোগ, বাংলাদেশের একটি সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীদের মালয়েশিয়ায় কাজের সুযোগ দেওয়ার জন্য ‘গ্র্যাজুয়েট পাস ভিসা’ অনুমোদন দিয়েছেন ড. জাম্ব্রি।তবে উচ্চশিক্ষা মন্ত্রী এ অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভুল’ আখ্যা দিয়ে বলেন, হাইমের এই দাবির কারণে জনগণ অস্বস্তিতে রয়েছে, তা অত্যন্ত ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্য।তিনি আরো জানান, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরকালে এ ধরনের কোনো সমঝোতা স্মারক (MoU) বা চুক্তি স্বাক্ষরিত হয়নি।ড. জাম্ব্রি বলেন, একজন একাডেমিক হিসেবে হাইমের উচিত ছিল কেবল সত্য ও প্রমাণভিত্তিক তথ্য উপস্থাপন করা, অনুমান কিংবা ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া নয়।তিনি আরো বলেন, ‘একাডেমিক নীতির দাবি হলো তথ্য সঠিক ও সত্য হওয়া।’উচ্চশিক্ষা মন্ত্রী সতর্ক করে বলেন, ‘ভুল তথ্যের ভিত্তিতে সামাজিক মাধ্যমে ভাইরাল কনটেন্ট তৈরি করার এই সংস্কৃতি এখনই বন্ধ করতে হবে।’বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।অন্য দেশের শিক্ষার্থীরা যেখানে মালয়েশিয়ার শ্রমবাজারে প্রবেশের সুযোগ পান, সেখানে বাংলাদেশি শিক্ষার্থীরা এই সুযোগ থেকে বঞ্চিত।







