নিউইয়র্ক অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্টে দায়ের করা মামলায় সেন্ট ক্লেয়ার জানান, এসব ডিপফেক ছবির মধ্যে এমন ছবিও রয়েছে, যেখানে তাকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে দেখানো হয়েছে।তিনি বলেন, গ্রোগ এসব ছবি তৈরি বন্ধ করবে বলে প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা কার্যকর করা হয়নি। মামলায় ক্ষতিপূরণ ও দণ্ডমূলক ক্ষতিপূরণ দাবি করে সেন্ট ক্লেয়ার বলেন, গ্রোগের মাধ্যমে তার নামে ডজনেরও বেশি যৌন হয়রানিমূলক ছবি তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে দেওয়া হয়েছে।
২৭ বছর বয়সী অ্যাশলি সেন্ট ক্লেয়ার ইলন মাস্কের সঙ্গে এখন সম্পর্কে নেই।তিনি একজন ডানপন্থী সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার, লেখক ও রাজনৈতিক ভাষ্যকার। ২০২৪ সালে তাদের একটি পুত্রসন্তান জন্ম নেয়।সেন্ট ক্লেয়ারের পক্ষে মামলা পরিচালনা করছেন ভুক্তভোগীদের অধিকারবিষয়ক আইনজীবী ক্যারি গোল্ডবার্গ। তিনি বলেন, ‘এক্সএআই কোনোভাবেই একটি নিরাপদ পণ্য নয় এবং এটি জনস্বার্থের জন্য ক্ষতিকর।
ইহুদি ধর্মাবলম্বী সেন্ট ক্লেয়ার আরো অভিযোগ করেন, এক ছবিতে তাকে স্বস্তিকা চিহ্নযুক্ত বিকিনি পরানো হয়েছে। মামলায় বলা হয়, অপ্রাপ্তবয়স্ক ও প্রাপ্তবয়স্ক—দুই অবস্থাতেই তাকে দেখিয়ে সম্মতিহীন ও বাস্তবসম্মত যৌন ডিপফেক তৈরি ও ছড়িয়ে এক্স আর্থিকভাবে লাভবান হয়েছে। এসব ছবির জন্য এক্সএআই সরাসরি দায়ী বলেও নথিতে উল্লেখ করা হয়।
এদিকে ইলন মাস্ক এক্সে দাবি করেছেন, গ্রোগ ব্যবহার করে তৈরি ছবির দায় ব্যবহারকারীদের। তিনি লেখেন, ‘গ্রোগ ব্যবহার করে কেউ অবৈধ কনটেন্ট তৈরি করলে, সেটি আপলোড করার মতোই তার পরিণতি ভোগ করতে হবে।’ তার বক্তব্য, গ্রোগ নিজে থেকে কিছু তৈরি করে না, সবই ব্যবহারকারীর অনুরোধে।
এক্স বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ‘শিশু যৌন শোষণ, সম্মতিহীন নগ্নতা ও অনাকাঙ্ক্ষিত যৌন কনটেন্টের বিরুদ্ধে আমাদের শূন্য সহনশীলতা নীতি রয়েছে।’ একই সঙ্গে কম্পানিটি পাল্টা মামলা করেছে। তাদের দাবি, চুক্তির শর্ত অনুযায়ী সেন্ট ক্লেয়ার নিউইয়র্কে নয়, টেক্সাসে মামলা করতে বাধ্য।
এর আগে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে সেন্ট ক্লেয়ার বলেন, তিনি নিজেকে ‘ভীত ও গভীরভাবে চিন্তিত বলে’ মনে করছেন। তার ভাষায়, ‘এটি হয়রানির আরেকটি হাতিয়ার। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্মতি।’
তিনি আরো বলেন, মাস্ক শিশুদের নিয়ে ‘একটি লেজিয়ন’ গড়তে চান—এমন মন্তব্য প্রকাশ্যে করার পর থেকেই মাস্কের কিছু সমর্থক তার প্রতি বিদ্বেষ পোষণ করছে। উল্লেখ্য, মাস্কের আরো তিন নারীর সঙ্গে মোট ১৩টি সন্তান রয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে এক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।