টিএনটি ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে হালান্ড বলেন, ‘এই গ্রহের প্রতিটি ফুটবলারের জন্যই রোনালদো ও মেসি আদর্শ। কীভাবে নিজেকে প্রস্তুত রাখতে হয়, কীভাবে কাজ করতে হয়, সবকিছু তারা দেখিয়েছেন, যাতে বিশ্বের সেরা লিগগুলোতে ১৫ বছর ধরে সর্বোচ্চ মানের পারফর্ম করা যায়।’
৪০ বছর বয়সী ক্রিস্তিয়ানো রোনালদো ইতোমধ্যে ৯৫০টির বেশি গোল করেছেন এবং ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের অধিনায়ক হিসেবে মাঠে নামার সম্ভাবনা রয়েছে।সম্প্রতি সৌদি প্রো লিগ ক্লাব আল নাসরের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন তিনি। অন্যদিকে, ৩৮ বছর বয়সী লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে দারুণ সময় কাটাচ্ছেন। আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ক্লাবটিকে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতান এবং টানা দ্বিতীয় মৌসুমে এমএলএসের সেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার ও গোল্ডেন বুট জিতেছেন।হালান্ড বলেন, ‘তারা দুজনই অনুপ্রেরণাদায়ী।বিশেষ করে রোনালদো নিজের জীবনযাপন ও শরীরের যত্ন নেওয়ার বিষয়গুলো আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরেছেন। ৪০ বছর বয়সেও যেভাবে তিনি খেলা চালিয়ে যাচ্ছেন, তা সত্যিই অবিশ্বাস্য। এটা মোটেও সহজ নয়।’চ্যাম্পিয়নস লিগে সম্প্রতি রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করে আলোচনায় এসেছেন ২৫ বছর বয়সী হালান্ড।পেনাল্টি থেকে করা সেই গোলটি ছিল সান্তিয়াগো বার্নাব্যুতে তার প্রথম গোল, যা ম্যানচেস্টার সিটিকে ২-১ ব্যবধানে জয় এনে দেয়। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে ৫৪ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫৫।