জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আমাদের কাছে খবর রয়েছে সচিবালয়ে বসে ডিসি ভাগাভাগি চলছে, এসপি ভাগাভাগি চলছে। আবার যদি বৃহৎ রাজনৈতিক দলগুলো পাঁতানো ইলেকশনে রুটি ভাগাভাগির মতো ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে নির্বাচনের দিকে যায়। তাহলে আমরা এ দেশের জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব।’গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লাকসাম উপজেলা কর্তৃক আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা বিগত দিনে নির্বাচনে দেখেছি ডিসি, এসপি, ওসি, এসআই অ্যাম্পেয়ার বা রেফারির ভূমিকা থেকে খেলোয়াড়দের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমরা লক্ষ্য করছি এখন আবারও তাদেরকে (প্রশাসনকে) অ্যাম্পেয়ার বা রেফারির ভূমিকা থেকে খেলোয়াড়ের ভূমিকায় মাঠে নামানোর চক্রান্ত চলছে। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। যে বাংলাদেশে পুলিশ এবং জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দুর্নীতিমুক্ত করতে সন্ত্রাসমুক্ত করতে কাজ করবে।কিন্ত আমরা ৫ আগস্টের পর দেখেছি ভিন্ন রূপ। আমরা পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাব দিয়েছি। অথচ পুলিশ সংস্কার কমিশন এখনো আলোর মুখ দেখে নাই। আমরা দেখেছি এপথ পুলিশকে আবারও জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে।তিনি আরো বলেন, ‘‘এ সংস্কারের বিপক্ষে যারা ‘না’ এর অবস্থান নিয়েছেন। আগামীতে তারা তত্ত্বাবধায়কের বিরুদ্ধে ‘না’র অবস্থান নেবেন। আপনার মতামতের বিরুদ্ধে অবস্থান নেবেন। ভোটাধিকারের বিরুদ্ধে অবস্থান নেবেন। সময় এসেছে, তাদের চিহ্নিত করে রাখুন।আজকে যারা আপনাদের মতামতের বিরুদ্ধে অবস্থান নেবেন। আগামীতে তারা ভোট ও ভাতের অধিকার কেড়ে নেবেন। চাকরির অধিকার কেড়ে নেবেন। এমনকি জীবনের অধিকারও কেড়ে নেবেন। সুতরাং তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’’জুলাই সনদে স্বাক্ষর প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই সনদ যখন ব্যর্থতায় পর্যভূষিত হচ্ছিল। তখন এনসিপি স্বাক্ষর করেনি। কিন্তু বিএনপি-জামায়াত জুলাই সনদে স্বাক্ষর করার পর আবার বিপক্ষে অবস্থান নিয়েছেন। বিয়েই যদি না করব তাহলে কাবিনে স্বাক্ষর কেন করলাম! সংসার যদি না-ই করব তাহলে কবুল কেন বললাম! কাবিনে যখন স্বাক্ষর করেছেন, তখন সংসার করতে হবেই। এ দেশের জনগণ যদি এনসিপিকে না চায় তাহলে আগামী নির্বাচনে এনসিপি বিজয়ী হবে না। আমরা জনগণের সে রায় মেনে নেব। আমরা এমন একটি নির্বাচন চাই, যে নির্বাচনে জনগণই চূড়ান্ত রায় দেবে।’ তিনি এনসিপির পতাকাতলে এসে আগামীর বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।সেদিন বিকেলে পৌরশহরের বাইপাস হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে অনুষ্ঠিত পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লাকসাম উপজেলার প্রধান সমন্বয়ক আল মাহমুদ ফজলে রাব্বীর সভাপতিত্বে এবং জাতীয় যুবশক্তি’র কেন্দ্রীয় সংগঠক নাজমুল করিম টিটুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপি’র কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক (কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক) নাভিদ নওরোজ শাহ, এনসিপি’র লাকসাম উপজেলা যুগ্ম সমন্বয়ক আশিকুল ইসলাম।
এ ক্যাটাগরির আরো নিউজ..