চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজিচালিত অটোরিকশা থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মনিকা আক্তার (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার প্রধান সড়কের বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিকা কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি উত্তর রাজঘাটের নাসির উদ্দিনের মেয়ে।নিহতের মা সাজেদা বেগম জানান, সিএনজিচালিত অটোরিকশাযোগে মা-মেয়ে চট্টগ্রাম শহর থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন।এ সময় হঠাৎ করে মনিকা আক্তার অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। একটি বাস এসে মনিকাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম কায়কোবাদ বলেন, ঘটনাস্থলে মেয়ে মনিকার মৃত্যু দেখে মা সাজেদা বেগম বারবার মূর্ছা যাচ্ছিলেন। লাশ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।নিহতের পরিবারকে লাশ হস্তান্তর ও আইনগত প্রক্রিয়া চলছে।বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।







