চট্টগ্রামের মীরসরাইয়ে ১৫ বছর পর দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই বোনের বাড়িতে মারামারিতে নিহত হন মহিউদ্দিন (৪০) নামে যুবক। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাটাছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বামনসুন্দর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন (৪০) উপজেলার ইছাখালী ইউনিয়নের মাদবারহাট এলাকার নন্দি গ্রামের বাসিন্দা ফজলুল হকের ছেলে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, উপজেলার ইছাখালী এলাকার মহিউদ্দিন শুক্রবার সকাল ১০টায় ১৫ বছর পর ওমান থেকে দেশে ফেরেন। রাতে তার বোনের স্বামীর বাড়িতে গেলে সেখানে পারিবারিক বিষয়াদি নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় বোনজামাই শরীফ ও তার বাবা মিছিল আহম্মেদের সঙ্গে মহিউদ্দিনের হাতাহাতি হয়। একপর্যায়ে মহিউদ্দিন গুরুতর আহত হন।







