আজ ২৬ ডিসেম্বর জামালপুর জেলা প্রতিষ্ঠার দিন। মহুকুমা ঘোষনার ১৩৩ বছর পর ১৯৭৮ সালের ২৬ ডিসেম্বর জামালপুর মহুকুমাকে জেলায় উন্নিত করা হয়। প্রখ্যাত আউলিয়া হয়রত শাহ জামাল(র:) এর নামানুসারে জেলার নাম করণ করা হয় জামালপুর। এর আগে জামালপুরের পূর্ব নাম ছিলো সিংহজানি।

জানা যায়, তৎকালিন ময়মনসিংহ জেলার মধ্যে ১৮৪৫ সালে প্রথম মহুকুমায় উন্নিত হয় জামালপুর। ১৮৬৯ সালে জামালপুর পৌরসভা প্রতিষ্ঠা হয়। এর পর থেকেই জামালপুর মহুকুমাকে জেলা ঘোষনার দাবি উঠে। ১৯১২ সালে বঙ্গভঙ্গের পর লর্ড কার্জন জামালপুরকে জেলা ঘোষনা দেন। কিন্তু জেলা সদর কোথায় হবে এই নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। ১৯১৯ সালে বর্তমান টাংগাইল জেলার ধনবাড়ী উপজেলার তৎকালিন নবাব জামালপুর ও টাংগাইলকে নিয়ে ধনবাড়ীতে জেলা সদর করে একটি জেলা ঘোষনার উদ্যোগ নেন। কিন্তু জামালপুর ও টাংগাইলের লোকজনের সমর্থন না পাওয়ায় জেলা বাস্তবায়ন হয়নি।
শেরে-বাংলা এ কে ফজলুল হক ১৯০৮ সালে জামালপুর মহুকুমার প্রশাসক হিসেবে যোগদান করেন। তিনি যোগদানের পর জামালফুরকে জেলা ঘোষনা করার দাবি আরও তীব্র হয়। দাবির প্রেক্ষিতে ১৯১৭ সালে জামালপুর পৌর এলাকায় ২৩৫ একর জমি সরকার অধিগ্রহন করেন। ১৯২০ সালে টাংগাইল জেলার গোপালপুর থানার কয়েকটি গ্রাম সরিষাবাড়ী থানার সাথে সংযুক্ত করা হয়।
১৯৩৮ সালে জামালপুরকে জেলা ঘোষনার দাবি গণদাবিতে পরিনত হয়। বৃটিশ সরকার সিদ্ধান্ত নেয় নতুন জেলা করার। কিন্তু জেলা সদর জামালপুর না টাংগাইল হবে এ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে বৃটিশ সরকার। পিছিয়ে যায় জেলা ঘোষনার পদক্ষেপ। জেলা সদর নিয়ে জামালপুর ও টাংগাইলের মধ্যে টানাটানির কারণে জেলা ঘোষনার ফাইল চাপা পড়ে যায়। তাই বৃটিশ সরকার জেলা ঘোষনা করতে পারেনি।
১৯৭১ সালের মক্তিযুদ্ধে স্বাধীন হয় লাল সবুজের বাংলাদেশ। স্বাধীনতার পর আবারও জামালপুরকে জেলা ঘোষনার দাবি উঠে। স্বাধীনতার ৮ম বছরে ১৯৭৮ সালে ২৬ ডিসেম্বর জামালপুর মহুকুমাকে ২০তম জেলা হিসেবে উন্নিত করা হয়। নাম করণ করা হয় জামালপুর জেলা। জেলার জন্য জমি অধিগ্রহনের ৬২ বছর পর জামালপুর জেলার বাস্তবায়ন হয়।
জামালপুর জেলায় বর্তমানে জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৫টি, উপজেলার সংখ্যা ৭টি, পৌরসভা রয়েছে ৮টি, ইউনিয়ন ৬৮টি, মৌজা ৭৪৫টি, গ্রাম ১৩৬১টি রয়েছে। মোট লোক সংখ্যা ২৪ লাখ ৯৯ হাজার ৭৩৭ জন। জামালপুর জেলার মোট আয়তন ২০৩১ দশমিক ৯৮ বর্গ কিলোমিটার।