ইরান রবিবার ইসরায়েলি ও মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ‘আগের চেয়ে আরো শক্তিশালী করে’ ফের তৈরি করার ঘোষণা দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিশ্চিহ্ন করে দিয়েছে, তবে বাস্তবে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ মাত্রা এখনো অজানা।ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান দেশটির পারমাণবিক সংস্থা পরিদর্শনের সময় বলেছেন, তেহরান ‘(ধ্বংস হওয়া সাইটগুলো) আগের চেয়ে আরো শক্তিশালী করে তৈরি করবে।’তার অফিশিয়াল ওয়েবসাইটে পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেন, ‘ভবনগুলো ধ্বংস করে… আমরা পিছিয়ে যাব না’ তিনি আরো বলেন, ইরানি বিজ্ঞানীদের কাছে এখনো প্রয়োজনীয় পারমাণবিক জ্ঞান রয়েছে।পেজেশকিয়ান এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। হামলার আগে ফেব্রুয়ারিতেও একই ধরনের মন্তব্যে তিনি বলেছিলেন, তার স্থাপনাগুলো আক্রান্ত হলে তেহরান সেগুলো পুনরায় তৈরি করবে।
জুন মাসে ইসরায়েল ইরানের বিরুদ্ধে এক নজিরবিহীন বোমা হামলা শুরু করে, যার ফলে ১২ দিনের যুদ্ধ চলে।
এই সময়ে ইসরায়েল পারমাণবিক ও সামরিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকাগুলোও লক্ষ্যবস্তু করে এবং বহু শীর্ষ বিজ্ঞানীকে হত্যা করে। ইরানও ইসরায়েলি শহর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিশোধ নিয়েছিল।যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর জুলাই মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন, ইরানের ক্ষয়ক্ষতি ছিল ‘গুরুতর ও মারাত্মক।’পেজেশকিয়ানের রবিবারের এই মন্তব্য এমন সময় এলো, যখন ইরানের ঐতিহ্যবাহী মধ্যস্থতাকারী ওমান শনিবার দুই দেশকে আলোচনা পুনরায় শুরু করার জন্য অনুরোধ করেছে।বাহরাইনে আইআইএসএস মানামা ডায়ালগ সম্মেলনে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি বলেন, ‘আমরা ইরান (ও) যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় ফিরে যেতে চাই।’
ইরানের সরকারদলীয় মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি রবিবার বলেছেন, তেহরান কূটনীতি পুনরায় শুরু করার বিষয়ে ‘বার্তা পেয়েছে’, তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।
ওমান এই বছর ইরান-মার্কিন আলোচনার পাঁচটি রাউন্ডের আয়োজন করেছিল। ষষ্ঠ রাউন্ডের মাত্র তিন দিন আগে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা শুরু করে।
এর পর থেকেই তেহরান ২০১৫ সালের পারমাণবিক চুক্তি মেনে না চলার অভিযোগে ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া কার্যকর করার পরে জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলোর মুখোমুখি হয়েছে।
এ ক্যাটাগরির আরো নিউজ..