নারায়ণগঞ্জের আড়াইহাজারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, মাদক, নগদ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিং বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার সেনা ক্যাম্পের ক্যাপটেন তৌফিক বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) রাত ৩টা থেকে হাইজাদি ইউনিয়নের ধন্দি ভিটি কামালদি এলাকার পাশে মুন্সীগঞ্জে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন নাঈম (৩৮), তার বাড়ি ধন্দি ভিটি কামালদি, প্রভাকরদি এলাকার রুবেল ভূঁইয়া (৩৩), ধন্দি ভিটি কামালদি এলাকার সুমন (৩০) এবং রুনা আক্তার (৩৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার নাঈমের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নাঈমের ঘর থেকে দুটি অবৈধ পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ১৬ লাখ ৯০ হাজার টাকা, ১০৫ পিস ইয়াবা এবং ১৪-১৫টি দা, ছুরি, চাকুসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, উদ্ধার করা অস্ত্র, মাদক ও টাকার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।