তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতা সেজোরিফেস্ট ২০২৫-এ বিশ্বব্যাপী প্রতিযোগীদের পেছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। শুক্রবার (২৮ নভেম্বর) প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
এবারের আসরে প্রথম স্থান অর্জন করেছে আলজেরিয়ার একটি দল, দ্বিতীয় হয়েছে বাংলাদেশের চুয়েট এবং তৃতীয় হয়েছে মঙ্গোলিয়া। ফিলিস্তিনের দল পেয়েছে সলিডারিটি সম্মাননা।চুয়েটের পক্ষে এ প্রতিযোগিতায় অংশ নেন মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম মেহেদী এবং তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী জাবের আহছান ভূঁইয়া।
তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা) এবং তুরস্ক সরকারের পূর্ণ অর্থায়নে আয়োজিত সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতায় বাংলাদেশ, পাকিস্তান, মঙ্গোলিয়া, ফিলিস্তিন, আলজেরিয়া, ভুটান, কেনিয়া ও ভারতসহ আটটি দেশের দশটি দল অংশ নেয়। প্রাথমিক পর্বে উত্তীর্ণ হয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ পায় চুয়েট ও আইইউটির দল।
এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল ‘সীমাবদ্ধতা দূরীকরণে নকশা।’ এতে অংশগ্রহণকারী দলগুলো ত্রিমাত্রিক নকশা ও ৩ ডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন জীবন সহজ করার লক্ষ্যে উদ্ভাবনী মডেল ও সমাধান উপস্থাপন করে।গত ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া চূড়ান্ত পর্বে প্রতিযোগীরা বিচারকদের সামনে তাদের নকশা, প্রযুক্তিগত সক্ষমতা এবং বাস্তব প্রয়োগযোগ্যতা তুলে ধরেন। ২৭ ও ২৮ নভেম্বর অনুষ্ঠিত মূল্যায়ন ও পুরস্কার বিতরণী শেষে ঘোষিত ফলাফলে চুয়েট দল অর্জন করে দ্বিতীয় স্থান।
বাংলাদেশের প্রতিনিধিত্বকারী মিনহাজুল ইসলাম মেহেদী বলেন, ‘তুরস্কে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য এটি প্রথম জয়।এই ইতিহাসের অংশ হতে পারা এবং দেশের পতাকা তুলে ধরতে পারা আমাদের জন্য গর্বের। বিশ্বজুড়ে প্রতিযোগীদের সঙ্গে মেলামেশা ও শেখার সুযোগ পেয়েছি। আশা করি, আমাদের এই অর্জন ভবিষ্যতে আরো অনেক বাংলাদেশি দলকে অনুপ্রাণিত করবে।’
প্রতিনিধিত্বকারী আরেক শিক্ষার্থী জাবের আহছান ভূঁইয়া বলেন, ‘চুয়েটের তথা বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে অংশ নিতে পারা আমাদের জীবনের বড় অর্জন। দ্বিতীয় স্থান অর্জন করতে পেরে আমরা গর্বিত।তুরস্কের আতিথেয়তা ও পরিবেশ সত্যিই অনন্য ছিল। এই প্রতিযোগিতা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা এবং শেখার এক বড় সুযোগ তৈরি করেছে।’
এ ক্যাটাগরির আরো নিউজ..