গতকাল বাংলাদেশ সফররত কানাডার পার্লামেন্টারি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। এসময় রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।কানাডার সিনেটর সালমা আতাউল্লাহজান এবং দুই সংসদ সদস্য সালমা জাহিদ ও সামির জুবেরি রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। সালমা আতাউল্লাহজানের নেতৃত্বে প্রতিনিধিদলটি দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা জোরদার এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করে। প্রধান উপদেষ্টা প্রতিনিধিদলকে চলমান সংস্কার কার্যক্রম ও আগামী ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি অব্যাহত সমর্থনের জন্য কানাডার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং গতকাল রাতে এ তথ্য জানিয়েছে।
প্রধান উপদেষ্টার দপ্তর সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন। এ ছাড়া আওয়ামী লীগের কর্মসূচি ও দেশের ভিতরে নানা সহিংস কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তি ও দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাতে পারেন। ফেব্রুয়ারিতে আগামী নির্বাচন অনুষ্ঠান নিয়ে আবারও স্পষ্ট বার্তা আসতে পারে।
প্রধান উপদেষ্টা দপ্তরের একাধিক সূত্র জানায়, সংস্কার, পিআর, জুলাই জাতীয় সনদ, গণভোটসহ বিভিন্ন ইস্যুতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যে ভাঙন দেখা দিয়েছে। দলগুলো এখন একে অন্যের বিরুদ্ধে বিষোদগার করছে। রাজনৈতিক ঐক্যে এই ফাটলের সুযোগ নিয়ে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবারও ফিরতে পারে। ইতোমধ্যে তারা অগ্নিসন্ত্রাস শুরু করেছে। এজন্য যেসব ইস্যুতে এখনো রাজনৈতিক মতানৈক্য রয়েছে, নিজেদের মধ্যে আলোচনা করে সেগুলো দ্রুত সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাতে পারেন প্রধান উপদেষ্টা।