রুবেন আমোরিমের ৩-৪-৩ ফরমেশনের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো মানের অভাব রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়দের, এমনটাই মনে করেন ক্লাব কিংবদন্তি পল স্কোলস। এর আগে আমোরিমের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা আরো খারাপের দিকে গেছে বলে মন্তব্য করেছিলেন ক্লাবের সাবেক অধিনায়ক ও সর্বোচ্চ গোলদাতা ওয়েন রুনি।
গত বছরের ১ নভেম্বর বরখাস্ত হওয়া এরিক টেন হাগের জায়গায় পর্তুগিজ কোচ আমোরিমকে দায়িত্ব দেয় ইউনাইটেড। তবে ১০ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও দলকে ঘুরে দাঁড় করানোর বদলে উল্টো পরিস্থিতির আরো অবনতি হয়েছে।ম্যানচেস্টার ডার্বিতে গত রোববার সিটির কাছে ৩-০ ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে ইউনাইটেড। ম্যাচের শেষ বাঁশি বাজার অনেক আগেই হতাশ সমর্থকদের অনেকেই গ্যালারি ছেড়ে চলে যান।দলবদলের এই মৌসুমে ম্যাথিউস কুনহা, ব্রায়ান এমবেউমো এবং বেঞ্জামিন সেসকোর পেছনে ২০০ মিলিয়ন পাউন্ড খরচ করার পরেও লিগে এখন পর্যন্ত মাত্র চার গোল করতে পেরেছে ইউনাইটেড। যার মধ্যে আবার দুইটি আত্মঘাতী! বিবিসিকে পল স্কোলস বলেন, ‘আমি মনে করি না যে মানের খেলোয়াড় প্রয়োজন, সেখানে তা আছে।তিনি আরো বলেন, ‘মিডফিল্ডে ক্যাসেমিরো, ব্রুনো ফার্নান্দেস, কবি মাইনুকে নিয়ে কোনো কম্বিনেশনই কাজ করছে বলে মনে হচ্ছে না।’গত মৌসুমে মাত্র ৪২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে ১৫তম স্থানে শেষ করেছিল ইউনাইটেড। ১৯৮৯–৯০ মৌসুমের পর এটিই লিগে তাদের সবচেয়ে বাজে ফল। একই সঙ্গে শীর্ষ স্তরে ১৯৭৩-৭৪ সালের পর সবচেয়ে কম পয়েন্ট সংগ্রহের লজ্জাও পেতে হয়েছে তাদের।আমোরিম দায়িত্ব নেওয়ার পর প্রায় ২৫০ মিলিয়ন পাউন্ড খরচ করে নতুন খেলোয়াড় এনেছেন। একই সঙ্গে বিদায় দিয়েছেন ক্লাবের অনাকাঙ্ক্ষিত ‘বোম্ব স্কোয়াড’খ্যাত কয়েকজন খেলোয়াড়কে। ৪০ বছর বয়সী এই কোচ নিজের পুরনো সাফল্যের ছক মেনে ইউনাইটেডকে ৩-৪-৩ ফরমেশনে সাজিয়েছেন এবং সেখান থেকে সরে আসবেন না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন।







