বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ২০২৪ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। গাজা উপত্যকায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চলমান সামরিক হামলার প্রতিবাদ জানিয়ে তিনি এই সিদ্ধান্ত নেন।রাষ্ট্রায়ত্ত অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন্দুমিল এই রাইফেল তৈরি করেছে। এটি কলম্বিয়ায় তৈরি প্রথম যুদ্ধ রাইফেল, যা প্রতিস্থাপন করবে গালিলকে। ১৯৯০-এর দশক থেকে ইসরায়েলের যন্ত্রাংশ এনে কলম্বিয়ায় গালিল রাইফেল জোড়া লাগানো হতো। ইন্দুমিলের প্রধান ও অবসরপ্রাপ্ত কর্নেল জাভিয়ের কারমাগো এএফপিকে জানান, আগামী পাঁচ বছরে ৪ লাখ নতুন রাইফেল উৎপাদনের পরিকল্পনা রয়েছে।এগুলো ধীরে ধীরে সেনাবাহিনীতে ব্যবহৃত বর্তমান অস্ত্রের জায়গা নেবে।তবে বিশেষজ্ঞরা সন্দেহ প্রকাশ করেছেন, লাতিন আমেরিকার দেশটি যথাযথ উৎপাদন সক্ষমতা অর্জন করতে পারবে কি না, আর পারলেও তা খুব ব্যয়বহুল হবে। নতুন অস্ত্র ইস্পাত ও পলিমার দিয়ে তৈরি। যা আগের অস্ত্রের তুলনায় ১৫ থেকে ২৫ শতাংশ হালকা।প্রেসিডেন্ট পেত্রো যুক্তরাষ্ট্র থেকেও অস্ত্র কেনা বন্ধ করেছেন। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়াকে মাদকবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র তালিকা থেকে বাদ দেন। গত তিন দশক ধরে কলম্বিয়ার সরকার গেরিলা ও মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে লড়াই করে আসছে, যারা কোকেন ব্যবসা ও অবৈধ স্বর্ণ খনির সঙ্গে জড়িত।