বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা। তাদের দাবিগুলো হলো–নিয়োগে স্পষ্ট স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে উপাচার্য ও উপ-উপাচার্যের অবিলম্বে পদত্যাগ, উপ-উপাচার্যের কন্যাসহ সকল বিতর্কিত ও অবৈধ নিয়োগ বাতিল, ইউজিসির নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং বিভাগীয় আপত্তি ও পরিকল্পনা কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার করে স্বচ্ছ ও ন্যায্য নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নিয়োগ কার্যক্রম মেধার চরম অবমূল্যায়ন, স্বজনপ্রীতি ও প্রশাসনিক অনিয়মের ভয়াবহ দৃষ্টান্ত স্থাপন করেছে, যা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও শিক্ষাব্যবস্থার ওপর গুরুতর আঘাত। এই অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়কে আরও গভীর সংকটের দিকে ঠেলে দেওয়া হবে।