মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আপাতত আমি এমন কোনো চুক্তি বিবেচনা করছি না, যা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য দীর্ঘপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র পেতে সাহায্য করবে। রবিবার ফ্লোরিডার পাম বিচ থেকে ওয়াশিংটন যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রয়টার্সের খবরে বলা হয়, ট্রাম্প যুক্তরাষ্ট্রের এমন এক পরিকল্পনার ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেছেন, যেখানে ন্যাটো দেশগুলোকে টমাহক বিক্রি করা হতে পারে এবং পরে সেগুলো ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেছেন, আমি যুদ্ধ আরো তীব্র করতে চাই না।সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, আসলে না,’ যখন তাঁকে জিজ্ঞাসা করা হয় তিনি কি টমাহক বিক্রির বিষয়ে কোনো চুক্তি বিবেচনা করছেন। তবে তিনি যোগ করেন, ভবিষ্যতে তার মত পরিবর্তন হতে পারে।
ট্রাম্প ও ন্যাটো মহাসচিব মার্ক রুটে গত ২২ অক্টোবর হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন, যেখানে টমাহক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা হয়। রুটে শুক্রবার বলেন, বিষয়টি পর্যালোচনাধীন রয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে।
টমাহক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২,৫০০ কিলোমিটার (১,৫৫০ মাইল), যা রাশিয়ার গভীরে, এমনকি মস্কো পর্যন্ত আঘাত হানতে সক্ষম।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ক্ষেপণাস্ত্র চেয়েছেন। কিন্তু ক্রেমলিন সতর্ক করে দিয়েছে যে, ইউক্রেনকে টমাহক সরবরাহের যে কোনো পদক্ষেপের পরিণতি গুরুতর হতে পারে।
এ ক্যাটাগরির আরো নিউজ..