সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’-তে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবেই এই সম্মান পেলেন জয়া।পুরস্কার জয়ের অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন অভিনেত্রী।

মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি প্রকাশিত হয়েছে উপন্যাসটির ধারাবাহিক প্রকাশের প্রায় ৯০ বছর পর। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৩৪-৩৫ সালে ভারতবর্ষ সাময়িকীতে। গত বছরের আগস্ট মাসে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।ছবিতে উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র কুসুম-এর ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান।তাঁর পাশাপাশি শশী, কুমুদ, যাদব ও সেনদিদির চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়।কুসুম চরিত্রটি নিয়ে এক সাক্ষাৎকারে ভারতীয় গণমাধ্যমকে জয়া আহসান বলেছিলেন, ‘আমাদের সমাজে নারীকেই বরাবর কামনা ও বাসনার বস্তু হিসেবে দেখানো হয়েছে। কিন্তু কুসুমের নিজেরও ইচ্ছে, কামনা ও অনুভূতি রয়েছে, যা সে আড়াল করে না। কুসুম একটি খোলা বইয়ের মতো চরিত্র—তার মন, শরীর ও আত্মা একই সুরে বাঁধা। এখানেই শশীর সঙ্গে তার পার্থক্য।কুসুম এমন এক নারী, যে শশীর চরিত্রকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। সে খোলা মনের ও সতেজ।’