দেশে প্রথমবারের মতো নেত্রকোনার কেন্দুয়ায় আয়োজন করা হয়েছে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য কিচ্ছা উৎসব।আজ শনিবার (৮ নভেম্বর) সকালে কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দুয়া উপজেলার জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উৎসব উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। আয়োজকরা জানান, গ্রামীণ লোকসংস্কৃতির অন্যতম ধারা কিচ্ছা গানের ঐতিহ্যকে ধরে রাখতেই এ উৎসবের আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বয়াতীরা দিনরাত কিচ্ছা গান পরিবেশন করবেন।এসব বয়াতীর মধ্যে রয়েছেন খ্যাতনামা পালা ও কিচ্ছা গায়ক কুদ্দুস বয়াতী, সায়িক সিদ্দিকী, দিলু বয়াতী, আশিক বয়াতী প্রমুখ। উৎসবে পরিবেশন করা হবে মানবতা, নৈতিকতা ও সমাজ জীবনের গল্পভিত্তিক কিচ্ছা গান ও পালাগান।উৎসব উদ্বোধন করে ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন, আমি গত দুই বছর হলো কেন্দুয়ায় যোগদান করেছি। যোগদান করেই দেশের বিখ্যাত বাউল সাধক কেন্দুয়ার সন্তান জালাল উদ্দিন খাঁর জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দুয়ায় তিনব্যাপী জালাল মেলার আয়োজন করেছিলাম, যা দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে।সেই অনুষ্ঠানের মাধ্যমে ইতোমধ্যে কেন্দুয়াকে লোকসংস্কৃতির রাজধানী হিসেবে ঘোষণা করেছি। এরই ধারাবাহিকতায় কিচ্ছা উৎসবের আয়োজন করছি। লোকসংস্কৃতি আমাদের শেকড়ের পরিচয় বহন করে। কিচ্ছা গান শুধু বিনোদন নয়, এটি নৈতিক ও সামাজিক শিক্ষারও উৎস।দিনরাতব্যাপী এ আয়োজনে কেন্দুয়ার সর্বসাধারণ উপস্থিত থেকে অনুষ্ঠানটি প্রাণবন্ত করবে বলে সবার কাছে প্রত্যাশা করেন তিনি। এ উৎসবের অন্যতম সহযোগিতাকারী প্রতিষ্ঠান কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জিয়াউর রহমান জীবন বলেন, আমাদের সংস্কৃতির অন্যতম শিকড় কিচ্ছা পালা নিয়ে এই প্রথম বৃহত্তর আয়োজন কেন্দুয়ায়, যা সবার হৃদয় নাড়িয়ে দেবে। প্রতিবছর এ আয়োজন সরকারি পৃষ্ঠপোষকতায় নিয়মিত করার জন্য উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানান তিনি। উৎসবে রাজনৈতিক সংগঠনের নেতা, শিক্ষক, সংস্কৃতিকর্মী, শিল্পী ও বিপুলসংখ্যক দর্শক অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা।
এ ক্যাটাগরির আরো নিউজ..