জুলাই সনদসহ বিভিন্ন ইস্যুতে আজ দুপুরে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণের পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৭টার পর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠকে সভাপতিত্ব করছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।ধারণা করা হচ্ছে, জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে।
প্রসঙ্গত, আজ দুপুরের পর প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একই দিনে সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোটের ঘোষণা দিয়েছেন।ভাষণের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন তাতে জুলাই জাতীয় সনদ ‘লঙ্ঘিত’ হয়েছে।
তিনি বলেন, ‘স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা তার ভাষণের মাধ্যমে।কারণ জাতীয় সনদে তিনি স্বাক্ষর করেছেন এবং এই ভাষণের মাধ্যমে তা তিনি লঙ্ঘন করেছেন। আপাতত এটুকুই আমার প্রতিক্রিয়া।’
এ ক্যাটাগরির আরো নিউজ..