চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষ হয়েছে গতকাল মঙ্গলবার। এই নির্বাচনে মোট ১ হাজার ৬৩টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। এর মধ্যে চাকসুতে ৪৭৪ ও হল সংসদে ৫৮৯ জন মনোনয়ন নিয়েছেন।
চাকসুর নির্বাচন কমিশনার ও সদস্যসচিব অধ্যাপক ড. এ কে এম. আরিফুল হক সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।গত ১৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে গতকাল মঙ্গলবার পর্যন্ত চলে। তিন দিনে ২৬ পদের বিপরীতে কেন্দ্রীয় সংসদে বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র পদে মনোনয়ন নেন প্রার্থীরা। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে শুধু শেষ দিনেই মনোনয়ন নেন ৩৭৭ জন প্রার্থী।এবারের হল সংসদ নির্বাচনে ১৪টি হল ও একটি হোস্টেল সংসদে শেষ দিনে বিক্রি হয়েছে ৫১৬টি ফরম।এর আগে গত দুই দিনে বিক্রি হয়েছিল ৭৪টি। সব মিলিয়ে হল সংসদের ২০৬টি আসনের বিপরীতে বিক্রি হয়েছে ৫৮৯টি ফরম। হল সংসদ ও কেন্দ্রীয় সংসদে তিন দিনে সবশেষ মনোনয়ন ফরম বিক্রয় হয়েছে ১০৬৩টি।মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ।এরপর মনোনয়নপত্র যাচাইবাছাই করে ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ।







