চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জয়নুর (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোবিন্দহুদা গ্রামের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।মৃত দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মৃত ঝড়ু মন্ডলের ছেলে।আহতরা হলেন- মৃতের ভাই খাজা আহমেদ (৫৫), জাহীর (৫১) এবং খাজা আহমেদের ছেলে দিপু (১৭)। তিনজনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।পুলিশ ও স্থানীয়রা জানান, দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ মঙ্গলবার সকালে জমিতে কাজ করতে গিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।গ্রামের নুরুল হক পেশকার গ্রুপ ও মাসুদ বিল্লাহ মন্টু গ্রুপের উভয়পক্ষের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে হামলা-পাল্টা হামলার ঘটনায় চারজন গুরুতর আহত হন। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নুর মারা যান।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন জানান, চারজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জয়নুর নামে একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান চলছে।’
এ ক্যাটাগরির আরো নিউজ..