তুরিনে দারুণ নাটকীয়তা উপহার দিল জুভেন্টাস ও বরুশিয়া ডর্টমুন্ড। বিরতির পর শুরু হওয়া গোল উৎসব শেষে ম্যাচ দাঁড়ায় ৪-৪ এ।নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ডর্টমুন্ড ৪-২ গোলে এগিয়ে ছিল। কিন্তু যোগ করা সময়ে দুশান ভ্লাহোভিচ জোড়া গোল করার পর লয়েড কেলিকে দিয়ে সমতায় ফেরান।শেষ মুহূর্তে কেলির হেড গোল ভিএআরের পর নিশ্চিত হলে উল্লাসে ফেটে পড়ে অ্যালিয়ান্জ স্টেডিয়াম।
টটেনহাম হটস্পার বনাম ভিয়ারিয়াল (১-০)
প্রায় এক হাজার দিন পর চ্যাম্পিয়নস লিগে ফিরে আসা টটেনহাম হটস্পার নিজেদের মাঠে ভিয়ারিয়ালকে ১-০ ব্যবধানে হারিয়েছে। ম্যাচের শুরুতেই লুকাস বার্গভালের ক্রস ভিয়ারিয়াল গোলরক্ষক লুইজ জুনিয়র ভুলে নিজের জালেই পাঠান।এরপর ভিয়ারিয়াল বেশ কিছু সুযোগ পেলেও গোল পায়নি।টটেনহামের রক্ষণভাগ দৃঢ় থাকায় গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় তারা।
লিসবনে চমক দেখালো আজারবাইজানের কারাবাখ। দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ওলেক্সি কাশচুক শেষ মুহূর্তে জয়সূচক গোল করেন।শুরুর দিকে এনজো বারেনেচিয়া ও ভ্যাঙ্গেলিস পাভলিদিস গোল করে বেনফিকাকে এগিয়ে দেন। কিন্তু আন্দ্রাদে ও কামিলো দুরান গোল করে সমতা ফেরান কারাবাখকে। শেষদিকে কাশচুকের গোল পর্তুগিজ ক্লাবকে স্তব্ধ করে দেয়।
সান মামেসে দেরিতে গোল পেলেও জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। বদলি হিসেবে নামার এক মিনিটের মধ্যেই দুর্দান্ত একক প্রচেষ্টায় গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।শেষ দিকে তার অ্যাসিস্টে লিয়ান্দ্রো ত্রোসার্ড জালে বল জড়ান।গত মৌসুমে সেমিফাইনাল খেলা আর্সেনাল এবারের যাত্রা শুরু করলো জয়ে।
অভিষেক ম্যাচেই বাজিমাত করলো বেলজিয়ামের ইউনিয়ন সেইন্ট-জিলোইস। পিএসভিকে ৩-১ গোলে হারিয়ে চমক উপহার দেয় তারা। প্রমিজ ডেভিডের পেনাল্টি, আনোয়ার আইত এল হাজের গোল ও কেভিন ম্যাক অ্যালিস্টারের প্রচেষ্টায় তিন গোল পায় অতিথিরা।শেষ মুহূর্তে রুবেন ভ্যান বোমেল গোল করলেও বড় হারের লজ্জা এড়াতে পারেনি ডাচ চ্যাম্পিয়ন পিএসভি।