প্রথমবারের মতো লাইভ ফুটবল সম্প্রচারের দৌড়ে নামতে পারে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তাদের সম্প্রচার অধিকার বিক্রির নতুন কাঠামোতে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর জন্য সুযোগ তৈরি করছে।ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর চ্যাম্পিয়নস লিগের সম্প্রচার অধিকার নিয়ে বড়সড় পরিবর্তন আনতে যাচ্ছে উয়েফা। ব্রিটিশ দৈনিক ‘দ্য টাইমস’ জানিয়েছে, নতুন বিডিং প্রক্রিয়ায় এবার নেটফ্লিক্সকেও অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।বর্তমানে অ্যামাজন প্রাইম ভিডিও যুক্তরাজ্যে প্রতি রাউন্ডে একটি করে চ্যাম্পিয়নস লিগ ম্যাচ সম্প্রচার করছে। অন্যদিকে, অ্যাপল টিভি+ একচ্ছত্রভাবে মেজর লিগ সকারের (এমএলএস) বৈশ্বিক সম্প্রচার অধিকার রাখছে। এই ধারাবাহিকতায় নেটফ্লিক্সকেও এবার ইউরোপীয় ফুটবলের মঞ্চে দেখা যেতে পারে।নতুন পরিকল্পনা অনুযায়ী, নেটফ্লিক্স প্রতি মঙ্গলবারের ম্যাচগুলোর মধ্যে একটি করে ‘ফার্স্ট পিক’ ম্যাচ সম্প্রচারের অধিকার পেতে পারে।তবে একই ক্লাবের ম্যাচ বারবার সম্প্রচার করা যাবে না—অর্থাৎ রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লিভারপুল বা ম্যানচেস্টার সিটির খেলা ঘুরে ফিরেই দেখানো যাবে না।উয়েফা আশা করছে, ২০২৭–২৮ মৌসুম থেকে শুরু হওয়া নতুন সম্প্রচার চুক্তির মাধ্যমে তারা বর্তমান ৪.৪ বিলিয়ন ডলারের রাজস্ব থেকে বেড়ে ৫ বিলিয়ন ডলার বা তারও বেশি আয় করতে পারবে। এর সরাসরি সুবিধা যাবে ক্লাবগুলোর ঘরে।যদি আলোচনায় অগ্রগতি হয়, তবে তিন বছরের বদলে ছয় বছরের দীর্ঘমেয়াদি চুক্তিও বিবেচনা করছে উয়েফা—যেমন যুক্তরাষ্ট্রে সিবিএস-এর সঙ্গে করা ২০২৪ থেকে ২০৩০ পর্যন্ত চলা চুক্তি।এর আগে নেটফ্লিক্স ২০২৭ ও ২০৩১ সালের নারী বিশ্বকাপের যুক্তরাষ্ট্রে সম্প্রচার অধিকার নিশ্চিত করেছে। এছাড়া প্ল্যাটফর্মটি এনএফএল, ডব্লিউডব্লিউই ও লাইভ বক্সিং সম্প্রচার করে ইতিমধ্যেই স্পোর্টস এন্টারটেইনমেন্ট দুনিয়ায় নিজেদের উপস্থিতি জানান দিয়েছে।
এ ক্যাটাগরির আরো নিউজ..