জাতীয় সংসদ নির্বাচনের আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আয়োজনের দাবি তুলেছেন শাকসুর প্রার্থীরা। এই নির্বাচন না হলে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ও শিক্ষার্থীসহ সহযোদ্ধাদের নিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বুধবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে সংবাদ সম্মেলনে হাইকোর্টের রায় শিক্ষার্থীদের পক্ষে না এলে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এ সময় শিবির প্যানেলের ভিপি দেলোয়ার হাসান শিশির বলেন, ‘গতকাল আমাদের ভোট হওয়ার কথা ছিল, কিন্তু একটা দলের প্ররোচনায় পরে দুজন প্রার্থী ভোটের দুই দিন আগে হাইকোর্টে রিট করেছে।ফলে ৯ হাজার শিক্ষার্থীর গণতান্ত্রিক ভোটাধিকার হরণ করেছে। আমরা এটির তীব্র নিন্দা জানাই।’ তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমরা দাবি জানাচ্ছি, হাইকোর্ট অনতিবিলম্বে যেন শিক্ষার্থীদের পক্ষে রায় দেন। যদি শিক্ষার্থীদের পক্ষে রায় না আসে, তাহলে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করব এবং শিক্ষার্থীসহ সহযোদ্ধাদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করব।
শিবির-সমর্থিত জিএস প্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, ‘শীতকালীন ছুটির পর আমরা নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু করি, আমাদের ভাই-বোনরা দিন-রাত কষ্ট করে প্রচারণা চালিয়েছে। অনেকে টিউশনির টাকা খরচ করে, কেউ ঋণ করে প্রচারণা চালিয়েছে, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো ভোট গ্রহণের দুই দিন আগে রিট করে শিক্ষার্থীদের সঙ্গে তারা প্রতারণা করেছে। এটির জবাব শিক্ষার্থীরাই দেবে।’
স্বতন্ত্র জিএস প্রার্থী ফয়সাল হোসেন বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১ দিনের মধ্যে যেহেতু অন্য নির্বাচনের অনুমোদন নেই, তাই আমরা চাই যেন হাইকোর্ট শাকসু নির্বাচনের ক্ষেত্রে সেই বাধ্যবাধকতার আওতামুক্ত রাখবে।
আমাদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে অনেক আগেই। তাই আমরা যেকোনো মূল্যে শাকসু চাই। কারো চাপ বা পেশিশক্তি আমরা মেনে নেব না।’হাইকোর্ট কর্তৃক শাকসু স্থগিতের ঘোষণার প্রতিবাদে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগের সবাই ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা করেছেন। হাইকোর্ট শাকসু নির্বাচনের অনুমতি না দেওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষায় বসবেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
এ ক্যাটাগরির আরো নিউজ..