গাজীপুর জেলার টঙ্গী গাজীপুরা সাতাইশে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-মদিনা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সারাদিনব্যাপী বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব আব্দুল্লাহ। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার আসাতিযায়ে কেরাম।দিনব্যাপী এ বার্ষিক প্রতিযোগিতায় আরবি বক্তৃতা, বাংলা বক্তৃতা, হামদ-নাত, কবিতা আবৃত্তি, প্রবন্ধ পাঠ, হিফজ প্রতিযোগিতাসহ বিভিন্ন শিক্ষামূলক ও ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়।প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুল্লাহ বলেন, “এই ছোট ছোট শিশুদের বহুমুখী প্রতিভা দেখে আমি সত্যিই আনন্দিত ও আবেগাপ্লুত। কিতাব বিভাগের ছাত্ররা যেভাবে আরবি ও বাংলা বক্তৃতার মাধ্যমে মুগ্ধতা ছড়িয়েছে, তা ছিল দেখার মতো। আমি বিশ্বাস করি, আজ যারা এখানে তিলাওয়াত ও বক্তৃতা করেছে, তারাই একদিন দেশ ও জাতির নেতৃত্ব দেবে এবং বিশ্বজয় করবে।” তিনি সবার জন্য দোয়া করে বলেন, “আল্লাহ যেন সবাইকে সফলতার চূড়ায় পৌঁছে দেন।”সভাপতির বক্তব্যে মুফতি আতিকুর রহমান বলেন, “আমরা স্বপ্ন দেখি একদিন আমাদের মাদ্রাসাকে বাংলাদেশের প্রথম সারির মাদ্রাসাগুলোর কাতারে নিয়ে যাবো। সে লক্ষ্যে আমরা শিক্ষার্থীদের সেভাবেই প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, যাতে এখান থেকে পড়াশোনা শেষ করে তারা তাদের জ্ঞানের আলো পুরো দুনিয়ায় ছড়িয়ে দিতে পারে।” তিনি আরও বলেন, “আজকের এই প্রতিযোগিতা আমাকে খুব আনন্দিত করেছে। ভবিষ্যতে আমরা আরও সুন্দর ও বৃহৎ আয়োজন করতে চাই।”এ সুন্দর আয়োজনে এলাকাবাসী, শিক্ষার্থী, উস্তাদ ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।