আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০১৩ সালে শচিন টেন্ডুলকার অবসর নেওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ের ভবিষ্যৎ হিসেবে উঠে আসেন বিরাট কোহলি। সময়ের সঙ্গে তিনি নিজেকে প্রমাণ করেছেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হিসেবে। তবু কিংবদন্তি টেন্ডুলকারের সঙ্গে তুলনায় নিজেকে কখনোই বড় মনে করেন না কোহলি।
সম্প্রতি তার আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) প্রকাশিত এক ভিডিওতে দ্রুত প্রশ্নোত্তর পর্বে কোহলিকে জিজ্ঞেস করা হয়—টেন্ডুলকারের কাছ থেকে একটি জিনিস নিতে চাইলে তিনি কী নিতেন?
উত্তরে কোহলি বলেন, তিনি তেন্ডুলকারের বিখ্যাত ‘ল্যাপ শট’ নিজের ঝুলিতে ভরতে চান।কোহলি বলেন, ‘সবকিছুই নিতে চাই। তবে একটি জিনিস যদি নিতে হয়, তাহলে ল্যাপ শট। তিনিই প্রথম স্পিনারদের এত নিখুঁতভাবে ল্যাপ করা শুরু করেছিলেন। শটটি ছিল খুবই মসৃণ, কখনোই তাড়াহুড়া মনে হতো না।
আমি এসব শট খেলতে গিয়ে এলোমেলো হয়ে যাই। তাই তার সেই মসৃণ ল্যাপ শটটাই চাই।’২৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারে টেন্ডুলকার মিডিয়াম পেসারদের বিপক্ষেও দক্ষতার সঙ্গে ল্যাপ শট খেলেছেন। বিশেষ করে ফাইন লেগে ফিল্ডার ভেতরে থাকলে তিনি সেটিকে কাজে লাগিয়ে সহজেই রান তুলতেন।ভিডিওতে কোহলিকে আরো জিজ্ঞেস করা হয়, অন্য তারকাদের কোন গুণ তিনি নিজের মধ্যে পেতে চান। জবাবে তিনি বলেন, এমএস ধোনির পরিতৃপ্তি, শাহরুখ খানের বিনয় এবং ক্রিস্তিয়ানো রোনালদোর শৃঙ্খলা তার পছন্দ।
এদিকে কোহলিকে শিগগিরই দেখা যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নতুন মৌসুমে মাঠে নামবে আরসিবি। গত আসরে ওপেনিংয়ে ফিল সল্টের সঙ্গে তার জুটি দলকে একাধিক ম্যাচে শক্ত ভিত এনে দিয়েছিল।
এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য কোহলির।
এ ক্যাটাগরির আরো নিউজ..