আদিত্য ধর পরিচালিত স্পাই থ্রিলার ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে দাপট দেখিয়ে চলেছে। রণবীর সিং অভিনীত এই ছবিটি বিশ্বজুড়ে ইতিমধ্যেই ১৫০০ কোটি রুপির বেশি ব্যবসা করে রেকর্ড গড়েছে। তবে ছবিটির আকাশচুম্বী সাফল্যের মাঝে এখন সামনে আসছে এর কাস্টিং পর্যায়ের কিছু অজানা গল্প।
ছবিটিতে খলনায়ক ‘রেহমান ডাকাত’ চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন অক্ষয় খান্না।কিন্তু অবাক করার মতো তথ্য হলো, অক্ষয় এই চরিত্রে অভিনয়ের আগে বলিউডের ২ জন এবং দক্ষিণ ভারতের ১ জন জনপ্রিয় অভিনেতা এই রোলটি ফিরিয়ে দিয়েছিলেন।
কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ওই অভিনেতারা মনে করেছিলেন এটি অনেক তারকার ভিড়ে শুধু রণবীর সিংয়ের ছবি হয়ে থাকবে। মুকেশ ছাবড়া বলেন, আজ তারা নিশ্চিতভাবেই সেই সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হচ্ছেন।
পরিচালক আদিত্য ধরের মাথায় হামজা চরিত্রের জন্য সব সময় রণবীর সিংয়ের নামই ছিল।রণবীরও চিত্রনাট্য শুনে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান। এ ছাড়া ইয়ালিনা চরিত্রের জন্য সঠিক মুখ খুঁজে পেতে প্রায় ১০০০ জনের অডিশন নিতে হয়েছিল কাস্টিং টিমকে।
মুকেশ ছাবড়া জানান, ছবিটির কাস্টিং প্রক্রিয়া ছিল বিশাল চ্যালেঞ্জের। প্রায় ৪০০ জন অভিনেতাকে নির্বাচন করতে দুই বছর সময় লেগেছিল।ছবিতে রণবীর সিং ও অক্ষয় খান্না ছাড়াও অভিনয় করেছেন—সঞ্জয় দত্ত, আর মাধবন এবং অর্জুন রামপালের মতো তারকারা। ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এই ছবিটি বর্তমানে বছরের অন্যতম সেরা বাণিজ্যিক সফল সিনেমা হিসেবে নিজের জায়গা করে নিয়েছে।
এ ক্যাটাগরির আরো নিউজ..