কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের মালিকানাধীন বিশ্ববিদ্যালয় গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এ শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) একগুচ্ছ শর্ত দিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম নজরদারিতে রেখেছে। শর্ত পূরণে ব্যর্থ হলে ভবিষ্যতে আরো কঠোর সিদ্ধান্ত আসতে পারে।
বরিশালে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়টির ব্যাপারে এ সিদ্ধান্ত ২০২৬ সালের জানুয়ারি সেশন থেকে কার্যকর হবে।ইউজিসির তদন্ত কমিটির প্রতিবেদন এবং কমিশনের ৫৮তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, কমিশনের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়টিতে নতুন শিক্ষার্থী ভর্তি নেওয়া যাবে না। তবে জানুয়ারি ২০২৬-এর আগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।







