পাকিস্তানের খাইরপুর সেন্ট্রাল জেলে বন্দিদের ওপর গুলি চালানোর ঘটনায় জেলখানার সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারসহ ১৫ জন কারা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন কারা মহাপরিদর্শক (আইজি) ফিদা হুসাইন মাস্তোই। এই হামলায় একজন বন্দি নিহত এবং দুজন আহত হয়েছেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
কারা কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার আদালত থেকে ফেরার পথে জেলের সন্নিকটে বন্দিদের ওপর অজ্ঞাত হামলাকারীরা গুলি চালায়।জেল পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন হামলাকারী আহত অবস্থায় ধরা পড়ে। তবে বাকি দুই হামলাকারী পালিয়ে যায়। তাদের ধরতে স্থানীয় পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে।ঘটনার পর কারা আইজি ফিদা হুসাইন মাস্তোই জেল সুপার আবদুল গফফার চাঁদিওকে বরখাস্ত করে তাকে সেন্ট্রাল পুলিশ অফিসে রিপোর্ট করতে নির্দেশ দেন।এছাড়া সহকারী সুপার, ডিউটি অফিসার, দুইজন হেড কনস্টেবল এবং সাতজন কনস্টেবলসহ মোট ১৫ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।এ ঘটনায় নিরাপত্তা ত্রুটি খতিয়ে দেখতে ডিআইজি প্রিজন মালিক আসলামের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি পূর্বের একটি বিরোধের জের ধরে ঘটেছে। কারা আইজি মাস্তোই বলেন, নিরাপত্তায় অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নিরাপত্তা ঘাটতির বিষয়ে কোনো ধরনের শিথিলতা বরদাস্ত করা হবে না।







