পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষই একে অপরের বড় ধরনের ক্ষয়ক্ষতি করার দাবি করেছে।এই পরিস্থিতিতে আফগানিস্তানের তালেবান সরকারের হামলার বিরুদ্ধে ‘আত্মরক্ষায়’ পাকিস্তানের অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা বলেছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।এদিকে পাকিস্তান অসাধারণ ভালো করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আলজাজিরার লাইভ প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। একই সঙ্গে ট্রাম্প প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসাও করেছেন।
স্থানীয় সময় গতকাল শুক্রবার হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প এসব কথা বলেন।পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সংঘাতে হস্তক্ষেপ করবেন কি না, প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘আমি করতাম, কিন্তু আপনারা জানেন, পাকিস্তানের সঙ্গে আমার সম্পর্ক খুব, খুব ভালো ‘তিনি আরো বলেন, ‘পাকিস্তানের একজন দারুণ প্রধানমন্ত্রী আছেন। একজন দারুণ জেনারেল আছেন। দুইজনকে আমি খুবই সম্মান করি।পাকিস্তান এখন অসাধারণ ভালো করছে আমার মনে হয়।’অন্যদিকে পাকিস্তান ও আফগানিস্তানের চলমান সংঘাতকে ‘অবাক হওয়ার মতো নয়’ বলে মন্তব্য করেছেন ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান স্টিমসন সেন্টারের দক্ষিণ এশিয়া প্রগ্রামের পরিচালক এলিজাবেথ থ্রেলকেল্ড।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই পরিস্থিতি হঠাৎ করে তৈরি হয়নি, বরং কয়েক মাস ধরে জমে থাকা উত্তেজনারই পরিণতি এটি।থ্রেলকেল্ডের বিশ্লেষণে, পাকিস্তানের সাম্প্রতিক আরো আক্রমণাত্মক ও জোরালো পদক্ষেপ তাদের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত বহন করতে পারে। তিনি উল্লেখ করেন, পাকিস্তানের অভ্যন্তরে সাম্প্রতিক সময়ে একাধিক বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।ধারাবাহিক এসব ঘটনার প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছানো এবং পরিস্থিতির অবনতি হওয়া দুঃখজনক হলেও অপ্রত্যাশিত নয়।আফগানিস্তানের তালেবান শাসকরা শুক্রবার জানিয়েছেন, তারা আলোচনায় বসতে প্রস্তুত। পাকিস্তান প্রধান শহরগুলোতে তাদের বাহিনীর ওপর বোমা হামলা চালানোর পর এবং সবচেয়ে গুরুতর সংঘর্ষে কয়েক ডজন সেনা নিহত হওয়ার প্রেক্ষাপটে এ মন্তব্য এলো।
এ ক্যাটাগরির আরো নিউজ..