রাজধানীর কলাবাগানের একটি আবাসিক হোটেলে প্রেমিকা ডা. জান্নাতুল নাঈম সিদ্দিকাকে হত্যার দায়ে প্রেমিক রেজাউল করিম রেজার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে আসামি জামিনে গিয়ে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বলেন, আসামি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন এবং বর্তমানে পলাতক রয়েছেন। রায় ঘোষণা শেষে আদালত তার বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলা সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজার সঙ্গে পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের আবাসিক হোটেলে ওঠেন জান্নাতুল নাঈম। এরপর সুযোগ বুঝে রেজাউল তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান।
২০২২ সালের ১০ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে জান্নাতুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জান্নাতুলের বাবা শফিকুল আলম বাদী হয়ে কলাবাগান থানায় মামলা করেন।২০২৩ সালের ১২ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার পরিদর্শক আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৪ সালের ৭ মার্চ অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
মামলার বিচার চলাকালে ২৬ জনের মধ্যে ২১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। গত ৯ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ১৩ নভেম্বর দিন ধার্য করেন আদালত।
এ ক্যাটাগরির আরো নিউজ..