তিনি বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি। আর ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায় সেই বার্তাও দিতে চায় দলটি।’
আজ সোমবার দুপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।শ্রদ্ধা নিবেদন শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এসব কথা জানান।
জাতীয় নির্বাচনের আগে এই ঐক্যকে সুসংগঠিত করতে তৃণমূল থেকে নেতৃত্ব পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে দলীয় বিবেচনা নয়, বরং যোগ্য ও জনবান্ধব প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে।’
নির্বাচিত হলে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে তারুণ্যনির্ভর নেতৃত্বে যেখানে থাকবে গণতন্ত্র, ন্যায়বিচার।অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমেদ বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।