চলতি নভেম্বরে ফ্রান্সে শুরু হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম। নির্বাচন কমিশনের (ইসি) উদ্যোগে এ মাসের তৃতীয় সপ্তাহ থেকে এই নিবন্ধন প্রক্রিয়া চালু করা হবে। একই সময় চালু হচ্ছে ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ, যার মাধ্যমে বিদেশে বসবাসরত বাংলাদেশিরা অনলাইনে ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন করতে পারবেন।
বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিল।
সূত্র জানায়, ফ্রান্স ছাড়াও আরো কয়েকটি দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।
ইসি জানায়, বিদেশে বসবাসকারী যেকোনো বাংলাদেশি নাগরিক অনলাইনে ফরম ২-এ পূরণ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে পারবেন। এ জন্য প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট, অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদ এবং সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি। প্রয়োজন অনুযায়ী পিতা-মাতার এনআইডি, শিক্ষাগত যোগ্যতার সনদ, বিবাহ সনদ এবং বর্তমান ঠিকানার প্রমাণপত্রও জমা দিতে হতে পারে।
আবেদন জমা দেওয়ার পর ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে। তথ্য যাচাই-বাছাই শেষে আবেদন অনুমোদিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং এনআইডি ইস্যুর প্রক্রিয়া শুরু হবে।
প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি একটি বহুল প্রত্যাশিত উদ্যোগ। দীর্ঘদিন ধরে প্রবাসীরা যে ভোটাধিকার ও নাগরিক পরিচয়ের স্বীকৃতি প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন, নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে সেই দাবির বাস্তবায়নের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
এ ক্যাটাগরির আরো নিউজ..