রেফারির সিদ্ধান্ত ঘিরে চরম নাটক, ভিএআর বিতর্ক আর দীর্ঘ সময়ের বিশৃঙ্খলার মধ্যেও শেষ হাসি হাসল সেনেগাল। অতিরিক্ত সময়ে পাপে গেয়ের দুর্দান্ত গোলে স্বাগতিক মরক্কোকে ১–০ ব্যবধানে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) শিরোপা জিতেছে সেনেগাল।
রাবাতের প্রিন্স মৌলায় আবদেল্লাহ স্টেডিয়ামে রোববারের ফাইনালটি যদিও ফুটবলের সৌন্দর্যের চেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকবে বিতর্ক আর নাটকের জন্য। নির্ধারিত ৯০ মিনিট ও যোগ করা সময় গোলশূন্য থাকার পর ৯৭তম মিনিটে ম্যাচ মোড় নেয় এক ভিএআর সিদ্ধান্তে।
মরক্কোর তারকা ফরোয়ার্ড ও রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ব্রাহিম দিয়াজ কর্নার কিকের সময় ফাউলের অভিযোগ তুলে মাটিতে পড়ে যান। রেফারি প্রথমে খেলা চালিয়ে যেতে দিলেও ভিএআর পর্যালোচনায় সেনেগালের এল হাজি মালিক দিয়ুফের টান ধরা পড়ে। শেষ পর্যন্ত পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।
এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন সেনেগাল কোচ পাপে থিয়াও।প্রতিবাদস্বরূপ তিনি খেলোয়াড়দের মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলেন। কিছু সময়ের জন্য ম্যাচ পরিত্যক্ত হওয়ার শঙ্কাও দেখা দেয়। তবে অধিনায়ক সাদিও মানে সতীর্থদের ফেরাতে সক্ষম হলে প্রায় ১৫ মিনিট পর পেনাল্টি নেওয়া হয়।কিন্তু সেই সুবর্ণ সুযোগ নষ্ট করেন দিয়াজ।পানেনকা শটে গোল করতে গিয়ে তিনি ব্যর্থ হন, সহজেই বল ধরে ফেলেন সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি। পুরো স্টেডিয়াম তখন স্তব্ধ।
এই পেনাল্টি মিস মরক্কোর আত্মবিশ্বাসে বড় ধাক্কা দেয়। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটেই আসে ম্যাচের একমাত্র গোল। সতীর্থ মানের পাস থেকে বল পেয়ে আশরাফ হাকিমিকে সামলে শক্তিশালী শটে গোল করেন পাপে গেয়ে।
ক্রসবার ছুঁয়ে বল জালে জড়াতেই উল্লাসে মাতে সেনেগাল শিবির।শেষদিকে মরক্কো একাধিক আক্রমণ করলেও ইউসুফ এন-নেসিরি ও নাইয়েফ আগুয়ের্দের চেষ্টা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ৫০ বছরের শিরোপা–খরা কাটানোর স্বপ্ন ভেঙে যায় স্বাগতিকদের।
এ ক্যাটাগরির আরো নিউজ..