ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন বা জাতীয় উদ্ভিদ উদ্যানকে আধুনিকায়ন এবং দর্শনার্থীদের প্রবেশ প্রক্রিয়াকে সহজ, স্বচ্ছ ও পরিবেশবান্ধব করতে আজ উদ্বোধন করা হয়েছে অত্যাধুনিক ই-টিকেটিং প্ল্যাটফর্ম। এখন থেকে দর্শনার্থীরা myGov ডিজিটাল প্ল্যাটফর্ম, www.nbg.portal.gov.bd বা বন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে কিউআর কোড সংবলিত টিকিট সংগ্রহ করতে পারবেন। যা স্মার্টফোনে বা প্রিন্ট আউট হিসেবে ব্যবহার করা যাবে।
রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ড. ফারহিনা আহমেদ বলেন, প্রাকৃতিক বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে এবং জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে। ই-টিকেটিং প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশে স্মার্ট সংরক্ষণ ব্যবস্থাপনার এক নতুন অধ্যায় সূচিত হলো। তিনি দেশের অন্যান্য পরিবেশগত গুরুত্বপূর্ণ স্থানেও এ ধরনের ই-টিকেটিং ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করেন।
এখন থেকে দর্শনার্থীরা ঘরে বসেই অনলাইনে টিকিট কিনে নির্ধারিত তারিখে উদ্যান পরিদর্শন করতে পারবেন।
এতে টিকিটের জন্য লাইনে দাঁড়ানোর ঝামেলা দূর হবে, সময় সাশ্রয় হবে এবং টিকিট বিক্রয় প্রক্রিয়ায় আসবে পূর্ণ স্বচ্ছতা। কাগজের ব্যবহার হ্রাস পাওয়ায় এটি পরিবেশ সংরক্ষণেও অবদান রাখবে।
এ ক্যাটাগরির আরো নিউজ..