সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে স্থানীয় থানায় মামলা হয়েছে। মামলায় ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি কত হয়েছে।গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) ভাঙ্গা থানার ওসি মো. হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি আলগী ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, ‘এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এডিশনাল ডিআইজি সিদ্দিকুর রহমান স্যার ও পুলিশ সুপার আব্দুল জলিল স্যার এলাকা পরিদর্শন করেছেন। তবে হামিরদী বাস স্ট্যান্ড এলাকায় সড়কের দুপাশে দাঁড়িয়ে স্থানীয়রা মানববন্ধন করছেন। তবে সড়কে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্ক্ষলা রক্ষা বাহিনীর সদস্যরা কাজ করছেন।’মামলার প্রধান আসামি করা হয়েছে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চেয়ারম্যান এবং সীমানা রক্ষা সর্বদলীয় সংগ্রাম পরিষদের প্রধান ম.ম. সিদ্দিক মিয়াকে। এ মামলায় ২ নম্বর আসামি করা হয়েছে হামিরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খোকন মিয়াকে (৫০)। গতকাল রবিবার ভোররাতে প্রধান আসামি সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।মামলা ও এলাকা সূত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের উপর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সুয়াদীতে সিসিবিএল তেল পাম্পের সামনে ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে দীর্ঘ কয়েকদিন আলগী ইউপি চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়ার নেতৃত্বে পলাতক আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা রাস্তার ওপর জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় বিক্ষোভকারীরা ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের উপর গাছ ফেলে, টায়ারে অগ্নিসংযোগ করে ভয়ভীতি ও শক্তির মহড়া প্রদর্শনসহ সড়ক ও রেলপথ অবরোধ করেন। এতে কয়েকদিন দক্ষিণ অঞ্চলের ২১টি জেলার সব ধরনের যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। পুলিশ তাদেরকে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য অনুরোধ ও বাধানিষেধ করলে তারা পুলিশের বাধানিষেধ অমান্য করে মুখোমুখি অবস্থান নেয়। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও রাস্তা অবরোধকারী জনতাকে ছত্রভঙ্গ করার নিমিত্তে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদেরকে মৌখিক সতর্কতার পর ধাওয়া করলে আসামিরা দৌড়ে পালিয়ে যান।ফলে এলাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়। ভাঙ্গা থানার এসআই মো. হাবিবুর রহমান বাদী হয়ে আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিঞাকে (৬০) এক নম্বর আসামি ও হামিরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খোকন মিয়াকে (৫০) দুই নম্বর আসামি করে ৯০ জনের নাম উল্লেখসহ ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। সরেজমিন আজ সোমবার সকালে ঢাকা-গোপালগন্জ-খুলনা ও ফরিদপুর-ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার কয়েকটি স্থানে ঘুরে দেখা যায়, ফরিদপুর-বরিশাল মহাসড়কের হামিরদী বাস স্ট্যান্ড এলাকায় সড়কের দুইপাশে কয়েক শ নারী-পুরুষ অবস্থান করছে। তারা এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।জাতীয় সংসদের ৩০০ আসনে সংসদীয় আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়। এর প্রতিবাদে গেজেট প্রকাশের পরেরদিন থেকে রেলপথ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। এতে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে চলাচলরত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ ক্যাটাগরির আরো নিউজ..